ঢাকা | মে ২, ২০২৬ - ১১:৪০ অপরাহ্ন

শিরোনাম

জলাবদ্ধতা রোধে ড্রেনের কাদামাটি অপসারণ পরিদর্শনে রাসিক প্রশাসক

  • আপডেট: Saturday, May 2, 2026 - 10:35 pm

স্টাফ রিপোর্টার: আগামী বর্ষা মৌসুমে জলাবদ্ধতা রোধে মহানগরীতে এক্সাভেটর দ্বারা প্রাইমারি ও সেকেন্ডারি ড্রেনের কাদামাটি অপসারণ কার্যক্রম সরেজমিন পরিদর্শন করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন।

শনিবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত মহানগরীর বিভিন্ন এলাকায় সরেজমিনে উপস্থিত থেকে ড্রেনের কাদামাটি অপসারণ কার্যক্রম তদারকি করেন রাসিক প্রশাসক। এ সময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন এবং বর্ষা মৌসুমের পূর্বেই ড্রেনেজ ব্যবস্থা সচল রাখতে দ্রুত কাজ সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় রাসিক প্রশাসক বলেন, আমরা নাগরিকদের কল্যাণে কাজ করে যাচ্ছি। নাগরিকদেরও সচেতন হতে হবে। ড্রেনে ময়লা-আবর্জনা যেন আমরা না ফেলি। নাগরিকদের সচেতন হওয়ার আহ্বান জানাচ্ছি। শুরুতে বর্ণালীর ঢালান রেল ক্রসিং এলাকায় বড় এক্সাভেটর দ্বারা প্রাইমারি ড্রেনের কাদামাটি উত্তোলন কার্যক্রম পরিদর্শন করেন রাসিক প্রশাসক।

এরপর নগরীর মুথুরডাঙ্গার মোড় এলাকায় শ্রমিকদের মাধ্যমে সেকেন্ডারি ড্রেন থেকে কাদামাটি অপসারণ কার্যক্রম পরিদর্শন, সিটি হাট এলাকায় মেডিকেল ওয়েস্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট পরিদর্শন, ২ নম্বর ওয়ার্ডের আশ্রয়ণ প্রকল্পে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট পরিদর্শন এবং ৬ নম্বর ওয়ার্ডে আপেল ডেকোরেটর মোড় এলাকায় ছোট এক্সাভেটর দিয়ে ড্রেন থেকে কাদামাটি উত্তোলন কার্যক্রম সরেজমিন পরিদর্শন ও তদারকি করেন রাসিক প্রশাসক।

এ সময় রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন, উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জুসহ পরিচ্ছন্ন বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এদিকে গত শুক্রবার মহানগরীর ২৯ নং ওয়ার্ডের মিজানের মোড়ে অবস্থিত বাইতুল মামুর জামে মসজিদে পবিত্র জুম্মার নামাজ আদায় শেষে রাসিক প্রশাসক সড়ক উন্নয়ন কাজের কারণে ক্ষতিগ্রস্ত মসজিদের উন্নয়নে রাজশাহী সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ৫ লাখ টাকার অনুদানের চেক মসজিদ কমিটির নেতৃবৃন্দের নিকট হস্তান্তর করেন।