ঢাকা | এপ্রিল ২৬, ২০২৬ - ৩:৪৮ পূর্বাহ্ন

ধর্মঘটের একদিন পরেই চাঁপাইনবাবগঞ্জে বাস চলাচল শুরু

  • আপডেট: Saturday, April 25, 2026 - 9:15 pm

চাঁপাইনবাবগঞ্জ ব্যুরো: সড়কে চাঁদা আদায়কে কেন্দ্র করে দুটি শ্রমিক সংগঠনের বিরোধের জেরে একদিন বন্ধ থাকার পর চাঁপাইনবাবগঞ্জ থেকে সব ধরনের বাস চলাচল শুরু হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাদের হস্তক্ষেপে সমঝোতা হওয়ায় ধর্মঘট প্রত্যাহার করে নেন শ্রমিকরা।

শনিবার সকাল থেকে ঢাকা ও চট্টগ্রামগামী দূরপাল্লার বাসসহ আন্তঃজেলা এবং অভ্যন্তরীণ রুটের সব বাস চলাচল স্বাভাবিক হয়। এর আগে, গত শুক্রবার দিবাগত রাত ১টার দিকে এক বৈঠকে ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন এবং চাঁপাইনবাবগঞ্জ জেলা মোটর শ্রমিক ইউনিয়ন।

এ ঘটনার জেরে গত শুক্রবার রাত ৯টার দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার হরিপুর এলাকায় শ্রমিক কল্যাণ ফিলিং স্টেশনের সামনে আলোচনায় বসেন জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা। এ সময় চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ককটেল বিস্ফোরণের প্রতিবাদে তাৎক্ষণিকভাবে মহাসড়ক অবরোধ করেন মোটর শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা।

পরে প্রশাসনের আশ্বাসে প্রায় এক ঘণ্টা পর অবরোধ তুলে নেয়া হলে যানবাহন চলাচল পুনরায় শুরু হয়। সংশ্লিষ্টরা বলছেন- উদ্ভূত পরিস্থিতিতে গত শুক্রবার রাতে একটি রাজনৈতিক দলের কার্যালয়ে বৈঠকে বসেন সংগঠন দুটির নেতৃবৃন্দ। সেখানে আলোচনা ফলপ্রসু হওয়ার পর কর্মবিরতি প্রত্যাহার করে নেয়া হয়।

বৈঠকে উপস্থিত জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুর রউফ জুলমত বলেন, আমাদের দাবিটা স্পষ্টই। আমরা বলেছি- বাস, মিনিবাস ও কোচের শ্রমিকদের নিয়ে গঠিত এবং নিবন্ধিত ‘জেলা মোটর শ্রমিক ইউনিয়ন’। ফলে শ্রমিকদের কল্যাণে খরচের জন্য ওই তিনটি যানবাহন থেকে নির্ধারিত হারে চাঁদা আদায় আমরা করতে পারি। আমরা সেটাই করছিলাম। কিন্তু ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান মোটর শ্রমিক ইউনিয়ন আমাদের চাঁদা আদায়েল বাধা দেয়। অথচ তাদের ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান থেকে চাঁদা আদায়ের কথা থাকলেও তারা সব ধরনের বাস থেকে চাঁদা নিচ্ছিলেন। এ নিয়ে বিপত্তি তৈরি হয়।

তিনি আরও বলেন, রাতে দুই সংগঠনের নেতৃবৃন্দ বৈঠকে বসেন। সেখানে সিদ্ধান্ত হয়েছে আপাতত দুই সংগঠনের দু’জন করে চারজন প্রতিনিধির তত্ত্বাবধানে চাঁদা আদায় করা হবে। আলাদা করে কেউ চাঁদা নেবে না। আমরা ওই শর্ত মেনে নিয়েছি। একই কথা বলেন, জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইদুর রহমানও।

তিনি বলেন, জেলা মোটর শ্রমিক ইউনিয়ন চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার হরিপুরে সড়কে বাস থামিয়ে যে চাঁদা আদায় করছিল সেটি বন্ধ করতে সম্মত হয়েছে। আপাতত দুই সংগঠন মিলে চাঁদা তোলা হবে। পরবর্তীতে আবারও আলোচনায় বসে ঠিক করা হবে দুই সংগঠনের কার্যপরিধি। আর স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাদের নিয়ে অনুষ্ঠিত যৌথ বৈঠকে বিরোধের অবসান ঘটে এবং শনিবার সকাল থেকে বাস চালুর সিদ্ধান্ত গৃহীত হয়।