ঢাকা | এপ্রিল ২৬, ২০২৬ - ৩:২৩ পূর্বাহ্ন

গুরুত্বপূর্ণ স্থানে হামলার আশঙ্কা: রাজশাহীসহ সারাদেশে পুলিশের সতর্কবার্তা

  • আপডেট: Saturday, April 25, 2026 - 10:00 pm

স্টাফ রিপোর্টার: দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলার আশঙ্কা রয়েছে- এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সতর্কতা জারি করেছে পুলিশ সদর দপ্তর। শনিবার রাজশাহীতে এ বিষয়ে সংশ্লিষ্ট সব ইউনিট ও কর্মকর্তাদের প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা জোরদারের নির্দেশ দেয়া হয়েছে।

সম্প্রতি পুলিশ সদর দপ্তর থেকে জারি করা স্মারকে বলা হয়েছে, নিষিদ্ধ ঘোষিত একটি উগ্রবাদী সংগঠনের সমর্থকরা দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার পরিকল্পনা করতে পারে বলে তথ্য পাওয়া গেছে। এসব স্থাপনার মধ্যে জাতীয় সংসদ, পুলিশ ও সেনাবাহিনীর স্থাপনা, ধর্মীয় উপাসনালয়, বিনোদন কেন্দ্রসহ জনসমাগম হয়- এমন স্থানগুলোকে ঝুঁকিপূর্ণ হিসেবে উল্লেখ করা হয়েছে।

স্মারকে আরও বলা হয়, সংশ্লিষ্ট গোষ্ঠীর সদস্যরা ভিড়ের মধ্যে মিশে গিয়ে অথবা আকস্মিক হামলার মাধ্যমে নাশকতার চেষ্টা করতে পারে। এ কারণে দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে আগাম সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ জরুরি।

এ প্রেক্ষাপটে সব ইউনিটকে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদার, নজরদারি বৃদ্ধি এবং সন্দেহভাজন ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি গোয়েন্দা তৎপরতা বাড়ানোরও নির্দেশনা দেওয়া হয়েছে। পুলিশ সদর দপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে, যে কোনো ধরনের নাশকতা প্রতিরোধে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানানো হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মিডিয়া মুখপাত্র ও উপপুলিশ কমিশনার গাজিউর রহমান গণমাধ্যমকে জানান, আমরা কোনোরকম থ্রেট দেখছি না। তবে আমাদের যে পয়েন্ট ইনস্টলেশন (কেপিআই) আছে, তার যথেষ্ট নিরাপত্তা নিশ্চিত করেছি। কোন বিশেষ দিন বা দিবসকে ঘিরে নয় বরং গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষায় আমরা বদ্ধপরিকর এবং সব সময় জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে যেকোনো হুমকি মোকাবিলায় প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৫ (র‌্যাব-৫) এর মিডিয়া মুখপাত্র গণমাধ্যমকে জানান, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সাম্প্রতিক প্রাপ্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গুরুত্বপূর্ণ স্থাপনা ও জনসমাগমপূর্ণ এলাকাগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

এদিকে, শনিবার ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উগ্রবাদীদের সম্ভাব্য হামলার শঙ্কা নিয়ে পুলিশ সদর দফতরের সতর্কবার্তা বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন ডিএমপির জঙ্গি দমন ইউনিট সিটিটিসির যুগ্ম কমিশনার।

এসময় তিনি সবাইকে আশ্বস্ত করে বলেন, আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। আমরা কাজ করছি, ইনশাল্লাহ আমরা এটি মোকাবিলা করতে পারবো। নিরাপত্তা জোরদার ও নজরদারি বৃদ্ধির বিষয়ে পুলিশ সদর দফতরের নির্দেশনা নিয়ে জানতে চাইলে মুনশী শাহাবুদ্দীন বলেন, এটি আমাদের নিরাপত্তা পরিকল্পনার অংশ, যা প্রকাশ করার বিষয় নয়। প্রাপ্ত তথ্য অনুযায়ী সংশ্লিষ্ট স্থানগুলোতে আমরা কাজ করছি। সশস্ত্র বাহিনীর কতজন সদস্য গ্রেপ্তার হয়েছেন জানতে চাইলে তিনি বলেন, তার কাছে এ মুহূর্তে নির্দিষ্ট কোনো তথ্য নেই; গণমাধ্যমে যা এসেছে, তিনিও সেটুকুই দেখেছেন।

এর আগে অন্তর্বর্তী সরকারের সময় তৎকালীন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী ‘দেশে জঙ্গি নেই’- এমন মন্তব্য করে আলোচনায় আসেন। তিনি তখন আরও বলেছিলেন, আওয়ামী লীগের সময় জঙ্গি নাটক সাজিয়ে ছেলেপেলেদের মারা হচ্ছে, কীসের জঙ্গি। এখন এমন ‘হামলার শঙ্কার’ মধ্যে সিটিটিসি প্রধান মুনশী শাহাবুদ্দীনের কাছে সাবেক এই ডিএমপি কমিশনারের ওই বক্তব্য সম্পর্কেও জানতে চান সাংবাদিকরা।

দেশে জঙ্গি আছে কি না- এমন প্রশ্নের জবাবে ডিএমপির সিটিটিসি প্রধান বলেন, আমরা বিষয়টি নিয়ে কাজ করছি। কিছু পেলে অবশ্যই ব্যবস্থা নেবো। এর আগে অন্তর্বর্তীকালীন সরকারের সময় কোনো জঙ্গি হামলার ঘটনা ঘটেনি। যদিও উগ্রবাদীদের অবাধ বিচরণ নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছিল, তৎকালীন স্বরাষ্ট্র উপদেষ্টা ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা দাবি করেছিলেন, দেশে জঙ্গি নেই। তবে গত ২৩ এপ্রিল জাতীয় সংসদ ভবনসহ দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় সম্ভাব্য হামলার শঙ্কায় পুলিশ সদর দফতর সতর্কবার্তা জারি করেছে।

সোনালী/জগদীশ রবিদাস