চাঁপাইনবাবগঞ্জের ২০ শিক্ষার্থী অসুস্থতার পর অভিযান, জরিমানা
চাঁপাইনবাবগঞ্জ ব্যুরো: বিনামূল্যে দেয়া স্কুল ফিডিংয়ের নিম্নমানের ও দুর্গন্ধযুক্ত পাউরুটি খেয়ে চাঁপাইনবাবগঞ্জে ২০ শিক্ষার্থী অসুস্থতার পর সরবরাহকারী প্রতিষ্ঠানের গোডাউনে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সেখানে খাবার অনুপযোগী পাউরুটি রাখার দায়ে প্রতিষ্ঠানটিকে ৪০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে সরবরাহকারীকে এক মাসের কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে। সেই সঙ্গে ল্যাব টেস্টের জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে।
গত বুধবার রাত ১১টায় চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার হরিপুর এলাকায় সরবরাহকারী প্রতিষ্ঠান বেসরকারি উন্নয়ন সংস্থা গ্রাম উন্নয়ন কর্ম (গাক)- এ এই জরিমানা করা হয়।
এ ছাড়াও পাউরুটিগুলো সংরক্ষণের স্থান পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফ আফজাল রাজন।
জানা যায়, বুধবার দুপুরে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে জেলা শহরের শংকরবাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। দুর্গন্ধযুক্ত পাউরুটি খেয়ে বমি, পেট ব্যথা ও চোখমুখে জ্বালাপোড়া শুরু হয় শিক্ষার্থীদের।
এতে দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণির অন্তত ২০ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে আতঙ্ক ছড়িয়ে পড়ে অন্যান্য শিক্ষার্থীদের মাঝেও। এ সময় ব্যাপক ছোটাছুটি ও কান্নাকাটি শুরু করে তারা। খবর পেয়ে অসুস্থ শিক্ষার্থীদের অনেককেই তাদের অভিভাবকরা বাসায় নিয়ে যায়।
এদিকে, জেলা প্রাথমকি শিক্ষা কর্মকর্তা জানিয়েছেন, ঘটনাটির তদন্ত চলছে। অনিয়ম প্রমানিত হলে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। প্রসঙ্গত, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ২১৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গ্রাম উন্নয়ন কর্ম-গাক ৪১ হাজার ১৩৮ জন শিক্ষার্থীর জন্য দৈনিক স্কুল ফিডিংয়ের খাবার সরবরাহ করে।











