ঢাকা | এপ্রিল ২১, ২০২৬ - ৩:৪০ পূর্বাহ্ন

শিরোনাম

পাবনায় ডিবি পুলিশের অভিযান আগ্নেয়াস্ত্র গুলি উদ্ধার আটক-১

  • আপডেট: Monday, April 20, 2026 - 9:55 pm

পাবনা প্রতিনিধি: পাবনায় জেলা গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান চালিয়ে চারটি আগ্নেয়াস্ত্র, দুই রাউন্ড গুলি ও  আগ্নেয়াস্ত্র তৈরির বেশ কিছু সারঞ্জামাদিসহ একজনকে আটক করেছে। এ সময় পালিয়ে যায় অপর একজন। আটককৃত অলি হোসেন (২৬) পাবনা সদর উপজেলার হাজির হাট এলাকার রক্সেল শেখের ছেলে।

সোমবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সন্মেলনে পুলিশ সুপার আনোয়ার জাহিদ জানান, রোববার দিনগত মধ্যরাতে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) রেজিনুর রহমানের তত্ত্বাবধানে, জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) এর অফিসার ইনচার্জ রাশিদুল ইসলামের নেতৃত্বে গোয়েন্দা পুলিশের একটি দল পাবনা সদর উপজেলার আরিফপুর হাজিরহাট মাদারবাড়ী এলাকায় অভিযান চালায়।

এসময় পুলিশের উপস্থিতি টেরপেয়ে শুভ ফকির (২৫) নামের একজন পালিয়ে গেলে পুলিশ অলি হোসেন কে আটক করে। পুলিশের জিজ্ঞাসাবাদে অলি তাদের কাছে আগ্নেয়াস্ত্র আছে বলে স্বীকার করে।

পরে তার স্বীকারক্তি অনুযায়ী আরিফপুর এলাকার শুভ ফকিরের বাড়িতে অভিযান চালিয়ে তিনটি বিদেশি তৈরি রিভলবার ও একটি দেশীয় তৈরি একনলা বন্দুক, দুই রাউন্ড রিভলবারের গুলি ও আগ্নেয়াস্ত্র তৈরির বেশ কিছু সারঞ্জামাদি উদ্ধার করা হয়। পলাতক শুভ ফকির আরিফপুর পূর্বপাড়ার সাইদুল ইসলাম ফকিরের ছেলে। তার বিরুদ্ধে একটি চুরির মামলা এবং আটককৃত অলি হোসেনের বিরুদ্ধে একটি মাদক মামলা রয়েছে বলে পুলিশ জানায়।