দুর্গাপুরে ৩৮০ লিটার অবৈধ তেল মজুত, লাখ টাকা জরিমানা গুণলেন ব্যবসায়ী
দুর্গাপুর প্রতিনিধি: রাজশাহীর দুর্গাপুরে একটি বাড়ি থেকে অবৈধভাবে মজুত করা ৩৮০ লিটার পেট্রল জব্দ করেছে থানার পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযুক্ত এক ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। অনাদায়ে ১ মাসের কারাদণ্ড প্রদান করা হয়।
সোমবার বিকেলে উপজেলার দেলুয়াবাড়ী ইউনিয়নের বখতিয়াপুর গ্রামের গুলালপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন- নাসির উদ্দীন (৩৫)। তিনি উপজেলার গুলালপাড়া গ্রামের মৃত ইসরাফিল আলমের ছেলে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লায়লা নূর তানজু। থানার পুলিশ ও ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযোগের ভিত্তিতে রোববার দুপুরে গুলালপাড়া গ্রামের একটি বাড়িতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় প্রায় ৩৮০ লিটার পেট্রল অবৈধভাবে মজুত অবস্থায় পাওয়া যায়। পরে জব্দকৃত পেট্রল উপস্থিত ক্রেতাদের মাঝে সরকার নির্ধারিত দামে বিতরণ করা হয়।
অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০, ৪৫ ও ৫২ ধারায় মামলা দায়ের করে এক লাখ টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে ১ মাসের কারাদণ্ড প্রদান করা হয়। জরিমানার টাকা ঘটনাস্থলেই নগদ প্রদান করে ছাড়া পায় ব্যবসায়ী নাসির উদ্দীন।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লায়লা নূর তানজু বলেন, কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিম সঙ্কট সৃষ্টি করে বাজার অস্থিতিশীল করার চেষ্টা করছে। প্রশাসন এ ধরনের অনিয়ম কঠোরভাবে দমন করবে। সাধারণ মানুষের ভোগান্তি লাঘব ও ন্যায্যমূল্যে জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।









