ঢাকা | এপ্রিল ২০, ২০২৬ - ৭:০৮ পূর্বাহ্ন

শিরোনাম

৪৩ শতাংশ ভোট পেয়ে চেম্বারের পরিচালক নির্বাচিত ইঞ্জিনিয়ার শাকিল

  • আপডেট: Sunday, April 19, 2026 - 4:00 pm

স্টাফ রিপোর্টার: দীর্ঘ ১৭ বছরের বিরতি শেষে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালনা পর্ষদের দ্বি-বার্ষিক নির্বাচন।

গত শনিবার অনুষ্ঠিত এই নির্বাচনে পরিচালক পদে লড়ে মোট ভোটারের ৪৩.০৬ শতাংশ ভোট পেয়ে বড় জয় অর্জন করেছেন তরুণ ব্যবসায়ী নেতা ইঞ্জিনিয়ার শাকিলুর রহমান শাকিল।

রাজশাহী চেম্বারের মোট ভোটার সংখ্যা ২ হাজার ৯০০ জন। শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীন ভোট গ্রহণ শেষে দেখা যায়, মোট ২ হাজার ৪৩৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

এর মধ্যে পরিচালক পদপ্রার্থী ইঞ্জিনিয়ার শাকিলুর রহমান শাকিল একাই ১ হাজার ৫২টি ভোট পেয়েছেন। গাণিতিক হিসেবে তিনি মোট কাস্টিং ভোটের প্রায় ৪৩.০৬ শতাংশ সমর্থন পেয়ে বিজয়ী হয়েছেন।

শীর্ষ পদের ফলাফল:

ঘোষিত ফলাফল অনুযায়ী, রাজশাহী চেম্বারের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন ‘খ’ প্যানেলের প্রার্থী হাসেন আলী। হরিণ প্রতীক নিয়ে তিনি ১ হাজার ৪১ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ‘ক’ প্যানেলের খন্দকার মিজানুর রহমান ক্রিকেট ব্যাট প্রতীকে পেয়েছেন ১ হাজার ২৬ ভোট।

এছাড়া সিনিয়র সহ-সভাপতি পদে ‘ক’ প্যানেলের শামসুর রহমান শান্তনু (ঘুড়ি প্রতীক, ১১৭০ ভোট) এবং সহ-সভাপতি পদে ‘খ’ প্যানেলের জিয়াউদ্দিন আহমেদ (চশমা প্রতীক, ১০৭৫ ভোট) নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে ১৮টি পরিচালক পদের মধ্যে ১০টি পেয়েছে ‘ক’ প্যানেল এবং ৮টি পেয়েছে ‘খ’ প্যানেল। ‘ক’ প্যানেল থেকে নির্বাচিত পরিচালকরা হলেন— রেজাউল করিম, শাহ মো. মাইনুল হোসেন শান্ত চৌধুরী, হাসিবুল আলম, ইমাম মেহেদী, আহসান হাবীব, শাকিলুর রহমান, কামরুজ্জামান, রুহুল আমীন, ফরহাদ হোসেন এবং মোবাশ্বের আলী।

অন্যদিকে ‘খ’ প্যানেল থেকে নির্বাচিতরা হলেন— তৌহিদ হাসান, মাইনুল হক, শামসুজ্জামান, তাসনিম হোসেন, গোলাম সাকলাইন, এ জে এম জান্নাতুল ইসলাম, আমিনুল ইসলাম ও মাহমুদ হাসান।

গত শনিবার রাত সাড়ে ১১টার দিকে ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও বোয়ালিয়া থানা ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) আরিফ হোসেন। নির্বাচনে রাজনৈতিকভাবে বৈচিত্র্যময় অংশগ্রহণ লক্ষ্য করা গেছে।

‘খ’ প্যানেল থেকে বিএনপিপন্থী ব্যবসায়ীরা এবং ‘ক’ প্যানেল থেকে বিএনপিপন্থী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও জামায়াতপন্থী ব্যবসায়ীরা প্রতিদ্বন্দ্বিতা করেন। শেষ পর্যন্ত ২১টি পদের মধ্যে ১১টি পদে জয় পেয়েছে ‘ক’ প্যানেল এবং ১০টি পদে জয়ী হয়েছে ‘খ’ প্যানেল।