প্রবেশপত্র আটকে টাকা আদায়: তানোরে দিনভর শিক্ষার্থীদের বিক্ষোভ
তানোর প্রতিনিধি: রাজশাহীর তানোরে এসএসসি পরীক্ষার্থীদের প্রবেশপত্র আটকে রেখে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ উঠেছে একটি মাধ্যমিক বিদ্যালয়ের বিরুদ্ধে। উপজেলার কলমা উচ্চ বিদ্যালয়ে এ ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। গতকাল রোববার বকেয়া টাকা ফেরত ও প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে দিনভর বিদ্যালয় চত্বরে অবস্থান নিয়ে বিক্ষোভ ও স্লোগান দেয় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কলমা উচ্চ বিদ্যালয় থেকে এ বছর নিয়মিত ২৩ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছে। শিক্ষার্থীদের অভিযোগ, ফরম পূরণ বাবদ ২ হাজার ৭০০ টাকা এবং অতিরিক্ত (কোচিং) ক্লাসের নামে আরও ২ হাজার টাকা নেয়া হয়েছে। এরপর প্রবেশপত্র সংগ্রহের সময় পুনরায় শিক্ষার্থী প্রতি ৪০০ টাকা করে দাবি করে স্কুল কর্তৃপক্ষ। টাকা না দিলে প্রবেশপত্র দেয়া হবে না বলে সাফ জানিয়ে দেয়া হয়।
ভুক্তভোগী শিক্ষার্থী হাসিবুল ইসলাম জানায়, ফরম পূরণ ও কোচিং ফি বাবদ মোটা অঙ্কের টাকা দেয়ার পর এখন প্রবেশপত্রের জন্য অতিরিক্ত ৪০০ টাকা চাওয়া হচ্ছে। আরেক শিক্ষার্থী মিনহাজুল ইসলাম আক্ষেপ করে বলেন, আমার বাবা কৃষক। ফরম পূরণ ও কোচিংয়ের জন্য অনেক কষ্টে ৯ হাজার ৭০০ টাকা দিয়েছি। এখন আবার ৪০০ টাকা দেয়ার ক্ষমতা আমাদের নেই। প্রবেশপত্র না পেয়ে খালি হাতে ফিরে যাচ্ছি, পরীক্ষা দিতে পারব কি না তা নিয়ে চিন্তায় আছি।
রোববার সকালে টাকা না পেয়ে শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করলে একপর্যায়ে প্রধান শিক্ষক আমিরুল ইসলাম কৌশলে বিদ্যালয় থেকে সটকে পড়েন। পরে সাবেক সভাপতির আহ্বানে তিনি বিদ্যালয়ে ফিরলে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। এ বিষয়ে রাজশাহী শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর আ.ন.ম মোফাখখারুল ইসলাম কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, প্রবেশপত্র বিতরণে টাকা নেয়ার কোনো সুযোগ নেই। অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাও জানান, বোর্ড নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত অর্থ আদায় সম্পূর্ণ অবৈধ। চাপের মুখে কলমা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিরুল ইসলাম জানান, কোচিং ক্লাসের এক হাজার টাকা ও প্রবেশপত্র বাবদ নেয়া টাকা ফেরত দেয়া হয়েছে। বিদ্যালয়ের সাবেক সভাপতি মনিরুল ইসলাম জানান, স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসা করা হয়েছে এবং অতিরিক্ত নেয়া সব টাকা ফেরত দেয়া হবে।











