ঢাকা | এপ্রিল ১৯, ২০২৬ - ১১:৫৬ অপরাহ্ন

শিরোনাম

সাইনবোর্ডেই সীমাবদ্ধ প্রশাসন: দুর্গাপুরে সেতু দখল করে ফের ভ্রাম্যমাণ দোকানপাট

  • আপডেট: Sunday, April 19, 2026 - 10:00 pm

মিজান মাহী, দুর্গাপুর থেকে: রাজশাহীর দুর্গাপুর সদরে পদ্মা নদের শাখা হোজা নদের ওপর নির্মিত সেতুটি আবারও অবৈধ দখলদারদের কবলে পড়েছে।

প্রশাসনের উচ্ছেদ অভিযানের মাত্র দুই মাস পার হতে না হতেই সেতুজুড়ে বসেছে ভ্রাম্যমাণ দোকানপাট ও অটোরিকশার অবৈধ স্ট্যান্ড। এতে আসন্ন এসএসসি পরীক্ষার্থী, সাধারণ পথচারী ও ব্যবসায়ীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

রোববার সকালে সরেজমিনে দেখা যায়, সেতুর দুই পাশে প্রশাসনের জারি করা ‘ দোকানপাট ও পার্কিং অবৈধ’ সংবলিত সতর্কীকরণ সাইনবোর্ড থাকলেও তা মানছে না কেউ। সেতুর ওপর দুই পাশে প্রায় ২০ থেকে ২৫টি ভ্রাম্যমাণ সবজি, ফল, ডাব ও ভাজাপোড়ার দোকান বসানো হয়েছে। সকাল থেকে রাত পর্যন্ত চলে কেনাবেচা। এর ওপর ভ্যান ও অটোরিকশার অস্থায়ী স্ট্যান্ডের কারণে রাস্তা সংকুচিত হয়ে পড়েছে, ফলে সাধারণ মানুষের চলাচল দায় হয়ে দাঁড়িয়েছে।

বাজারে সবজি বিক্রি করতে আসা মোহাম্মদ আলী ক্ষোভ প্রকাশ করে বলেন, অনেক কষ্টের পর সেতুটি দখলমুক্ত করা হয়েছিল, কিন্তু এখন আবার আগের অবস্থা। সেতুর ওপর যানজটের কারণে বাজারে ঢুকতে ১৫-২০ মিনিট বেশি সময় লাগছে। এটি অত্যন্ত বিরক্তিকর।

রাইসুল নামের এক এসএসসি পরীক্ষার্থী আক্ষেপ করে জানায়, সেতুর ওপর ফুটপাত বসায় উপজেলা মোড় থেকে জিয়া চত্বর পর্যন্ত ভয়াবহ যানজটের সৃষ্টি হয়। এতে সময়মতো ক্লাসে পৌঁছানো সম্ভব হয় না। প্রশাসনের নীরবতায় ক্ষোভ প্রকাশ করে সে বলে, সাইনবোড দিলেও দোকানদাররা সরে না। প্রশাসন খেয়াল না করলে আমাদের দুর্ভোগ শেষ হবে না।

সেতুর ওপর শরবত বিক্রেতা মিনারুল ইসলাম স্বীকার করেন যে, প্রশাসনের কড়াকড়ির সময় তিনি বসতে পারেননি। তবে এখন অন্য সবাইকে বসতে দেখে তিনিও ব্যবসা শুরু করেছেন। তার মতে, দুই পাশের পথচারীদের আনাগোনা বেশি থাকায় এখানে কেনাবেচা ভালো হয়।

এর আগে গত বছরের ১৬ এপ্রিল প্রশাসন সেতুটিকে অবৈধ দখলমুক্ত ঘোষণা করে সাইনবোর্ড টানিয়ে দিয়েছিল। চলতি বছরের ফেব্রুয়ারিতেও ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সেতুটি দখলমুক্ত করা হয়েছিল।

বর্তমান পরিস্থিতি নিয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাশতুরা আমিনা জানান, তিনি মিটিংয়ে ব্যস্ত থাকলেও বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে দেখবেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।