ঢাকা | এপ্রিল ২০, ২০২৬ - ৩:১৯ পূর্বাহ্ন

শিরোনাম

পুঠিয়ায় ব্যবসায়ীকে হত্যাচেষ্টার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেপ্তারের দাবি

  • আপডেট: Sunday, April 19, 2026 - 10:03 pm

পুঠিয়া প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়ায় ব্যবসায়ী ও শ্রমিকনেতা সেলিম সরকারকে (৫৫) হত্যাচেষ্টার প্রতিবাদে এবং জড়িত সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী।

রোববার সকাল ১১টার দিকে উপজেলার ঝলমলিয়া বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ঝলমলিয়া বাজারের ব্যবসায়ী, স্থানীয় বাসিন্দা এবং আহত সেলিম সরকারের পরিবারের সদস্যরা অংশ নেন।

আহত সেলিম সরকার উপজেলা যুবদলের সাবেক সেক্রেটারি, ঝলমলিয়া বাজার সমিতির সাধারণ সম্পাদক এবং রাজশাহী জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন, পুঠিয়া শাখার সদস্য। গত বৃহস্পতিবার রাজশাহীর নগরীর ভদ্রা বাসস্ট্যান্ড এলাকায় তিনি ও তাঁর ভাই ইব্রাহিম সরকারের ওপর ভাড়াটিয়া সন্ত্রাসীদের মাধ্যমে হামলার অভিযোগ ওঠে।

স্থানীয়দের ভাষ্য, পুঠিয়ার কানাইপাড়া এলাকার একটি সংঘবদ্ধ চক্র এ হামলার সঙ্গে জড়িত। গুরুতর আহত সেলিম সরকার বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।

মানববন্ধনে বক্তব্য দেন পুঠিয়া পৌরসভার সাবেক মেয়র আসাদুল হক আসাদ, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পৌর প্রশাসক মমতাজুল আলম লাল্টু, রাজশাহী জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের পুঠিয়া শাখার সাধারণ সম্পাদক আহসান আলী, ঝলমলিয়া বাজার সমিতির সভাপতি আব্দুল জব্বার এবং হাটের ইজারাদার সেলিম মন্ডল।

মানববন্ধনটি সঞ্চালনা করেন বাজার সমিতির সাবেক সেক্রেটারি মুন্সী সাখাওয়াত উল্লাহ। বক্তারা বলেন, একজন ব্যবসায়ী নেতার ওপর প্রকাশ্যে এ ধরনের নৃশংস হামলা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিরই ইঙ্গিত দেয়। দ্রুত সময়ের মধ্যে হামলাকারীদের শনাক্ত করে গ্রেপ্তার করতে হবে, অন্যথায় বৃহত্তর কর্মসূচি দেয়া হবে।

আহত সেলিম সরকারের স্ত্রী শাবানা সরকার বলেন, আমার স্বামী এখন মৃত্যুর সঙ্গে লড়ছেন। সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে তাঁর ওপর হামলা চালিয়েছে। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই। হামলাকারীরা রাজনৈতিকভাবে প্রতিপক্ষের অনুসারী এবং পূর্ব বিরোধের জেরে এ হামলা চালানো হয়েছে বলেও অভিযোগ করেন সেলিম সরকারের স্ত্রী শাবানা সরকার।

এ বিষয়ে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বলেন, মানববন্ধনের বিষয়টি আমরা জেনেছি। ঝলমলিয়া এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন ছিল। পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবাইকে শান্ত থাকার আহ্বান জানানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে এবং অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।