ঢাকা | এপ্রিল ২০, ২০২৬ - ৩:৪৪ পূর্বাহ্ন

শিরোনাম

তেলের দাম বৃদ্ধি: রাজশাহীতে ভিড় কমেছে ‘কিছুটা’

  • আপডেট: Sunday, April 19, 2026 - 10:25 pm

স্টাফ রিপোর্টার: জ্বালানি তেলের দাম বাড়ার পর রাজশাহীর ফিলিং স্টেশনগুলোয় ভিড় কিছুটা কমেছে। আগের দিনের চেয়ে গতকাল রোববার কিছুটা কম সময় লাইনে দাঁড়িয়ে তেল পাওয়া গেছে বলে জানিয়েছেন বাইকাররা। কয়েকটি ফিলিং স্টেশনে গিয়েও এমন চিত্র দেখা গেছে।

রাজশাহীর লতা ফিলিং স্টেশনে দুপুরে মোটরসাইকেলে জ্বালানি তেল নিচ্ছিলেন মারিফুল ইসলাম।

এ সময় তিনি জানান, মাত্র আধা ঘণ্টা লাইনে দাঁড়িয়েই তিনি তেল পাচ্ছেন। সঙ্কট শুরুর পর এত কম সময়ের মধ্যে আগে কখনো তিনি তেল পাননি। এখন সময় কম লাগায় তিনি খুশি। রাজশাহীর ছন্দা ফিলিং স্টেশনে গিয়ে দেখা যায়, এখানেও আগের মতো ভিড় নেই। তেল নিচ্ছিলেন রফিকুল ইসলাম।

তিনি জানান, মাত্র ২৫ মিনিট আগে তিনি লাইনে দাঁড়ান। এ সময় তাঁর পেছনে প্রায় ৫০টি মোটরসাইকেলের সারি দেখা যায়। আগে এখানে কয়েক শ বাইকের সারি থাকত।

রাজশাহী বিমানবন্দরের সামনে শনিবারও দীর্ঘ লাইন দেখা গেছে। তবে গতকালের চিত্র পরিবর্তন হয়েছে। দুপুরে এখানে প্রায় ১০০ মোটরসাইকেলের সারি দেখা যায়। তেল নেয়ার সময় মোটরসাইকেলচালক আনিসুর রহমান জানান, এক ঘণ্টা দাঁড়িয়ে থেকে তিনি তেল পাচ্ছেন।

এর আগে কোনো দিন আগের রাতে বাইক রেখে যেতেন। কখনো পাঁচ-ছয় ঘণ্টা লাইনে দাঁড়িয়েছেন।

তবে নগরীর আলুপট্টি এলাকার আফরিন ফিলিং স্টেশনে গতকাল  রোববারও দীর্ঘ লাইন দেখা যায়। এখানে দুপুরে তেল নেয়া ব্যবসায়ী সাইফুল ইসলাম জানান, তিনি মোটরসাইকেল নিয়ে সকাল সাড়ে ৯টায় লাইনে দাঁড়িয়েছিলেন। তেল পেয়েছেন বেলা ১২টা ৫০ মিনিটে।