রাবির ‘সি’ ইউনিটে ফলাফলের ত্রুটিতে ফেল শতাধিক শিক্ষার্থী
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশে ত্রুটির অভিযোগ উঠেছে। নির্ধারিত পাস নম্বর পেলেও কারিগরি ভুলে শতাধিক শিক্ষার্থীকে অকৃতকার্য দেখানো হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনও বিষয়টি স্বীকার করেছে।
ভুক্তভোগীরা জানিয়েছেন, ‘সি’ ইউনিটে বিজ্ঞান ও অবিজ্ঞান (মানবিক ও ব্যবসায় শিক্ষা) উভয় শাখার জন্য পাস নম্বর নির্ধারিত ছিল ৪০। অবশ্য বিজ্ঞান শাখার ক্ষেত্রে আবশ্যিক ও ঐচ্ছিক অংশে পৃথক শর্ত ছিল। তবে প্রকাশিত ফলাফলে অবিজ্ঞান শাখার শিক্ষার্থীদের ক্ষেত্রেও বিজ্ঞান শাখার শর্ত প্রয়োগ করা হয়েছে। এতে কয়েক’শ শিক্ষার্থী পাস নম্বর পেলেও অকৃতকার্য হিসেবে ফলাফলে নাম আসেনি।
এ বিষয়ে ভুক্তভোগী শিক্ষার্থী হুমায়রা আক্তার লিজা জানান, তিনি ৫৪ দশমিক ৫০ নম্বর পেলেও ফেল দেখানো হয়েছে । তিনি বলেন, ‘পাস করলে আমি শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের ব্যবহারিক পরীক্ষায় অংশ নিতে পারতাম। বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভুল আমার বড় ক্ষতির কারণ হয়েছে।’ একইভাবে খেলোয়াড় কোটায় আবেদনকারী শেখ সাইফুজ্জামান ৪৬ দশমিক ৫০ নম্বর পেলেও অকৃতকার্য দেখানোয় সাক্ষাৎকারের ডাক পাননি বলে অভিযোগ করেছেন তার বাবা আকরামুজ্জামান।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক ছাইফুল ইসলাম বলেন, ‘অভিযোগের বিষয়টি জেনেছি। কারিগরি ত্রুটির কারণে কয়েকশ শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হতে পারেন। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার এখতিয়ার সংশ্লিষ্ট ইউনিটের।’
‘সি’ ইউনিটের কো-অর্ডিনেটর ও জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক গোলাম মর্তুজা জানান, সমস্যাটি সমাধানে একটি সভা ডাকা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ফরিদ উদ্দীন খান বলেন, ‘আগামীকাল রোববার এ বিষয়ে জরুরি সভা হবে। সেখানেই চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।’











