ভিপিএল চ্যাম্পিয়ন কোকো স্মৃতি ক্লাব
স্পোর্টস ডেস্ক: রাজশাহীর ঐতিহাসিক কালেক্টর খেলার মাঠে ভাটাপাড়া যুব সংঘের উদ্যোগে অনুষ্ঠিত হলো বাংলাদেশের এলাকা ভিত্তিক প্রথম ফ্রাঞ্চাইজি ক্রিকেট লীগ ভিপিএলের ১৩তম আসরের মেগা ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
জমজমাট এই ফাইনালে মুখোমুখি হয় কোকো স্মৃতি ক্লাব ও ফ্রেন্ডস এম্পায়ার। টসে জয়ী হয়ে ফ্রেন্ডস এম্পায়ারের অধিনায়ক আব্দুল্লাহ মামুন ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন। ব্যাট করতে নেমে কোকো স্মৃতি ক্লাবের অধিনায়ক জিমুর নেতৃত্বে দল নির্ধারিত ওভারে ১৪০ রানের চ্যালেঞ্জিং টার্গেট দাঁড় করায়।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই বড় ধাক্কা খায় ফ্রেন্ডস এম্পায়ার। প্রথম ওভারেই মাত্র ১ রান সংগ্রহ করে ৩টি গুরুত্বপূর্ণ উইকেট হারায় দলটি। এরপর ম্যাচে ফিরে আসার চেষ্টা চালালেও শেষ পর্যন্ত টানটান উত্তেজনার ম্যাচে জয় অধরাই থেকে যায়। শেষ বলে জয়ের জন্য প্রয়োজন ছিল ৫ রান, কিন্তু সেই লক্ষ্য পূরণে ব্যর্থ হয়ে রানার্সআপ হয় ফ্রেন্ডস এম্পায়ার। অন্যদিকে দারুণ পারফরম্যান্সে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে কোকো স্মৃতি ক্লাব।
খেলা শেষে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও রাসিকের সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল।
বিশেষ অতিথি ছিলেন রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি, আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ রাজশাহী মহানগরের সদস্য সচিব ইঞ্জি আরিফুজ্জামান সোহেল, রাজপাড়া থানা বিএনপির সভাপতি মিজানুর রহমান মিজান, ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি বজলুর রহমান কচি ও সাধারণ সম্পাদক আতাউর রহমান, রাজপাড়া থানা যুবদলের সভাপতি শাহানুর ইসলাম মিঠু ও ভাটাপাড়া যুব সংঘের সাধারণ সম্পাদক জামিল দিপন প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভাটাপাড়া যুব সংঘের সভাপতি নাসির উদ্দিন।
প্রতিযোগিতামূলক ও রোমাঞ্চকর এই আয়োজন ক্রিকেটপ্রেমীদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে এবং স্থানীয় পর্যায়ে ক্রিকেটের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।











