ঢাকা | এপ্রিল ১৭, ২০২৬ - ২:০৪ পূর্বাহ্ন

শিক্ষা মানুষকে আলোকিত করে: জেলা পরিষদ প্রশাসক

  • আপডেট: Thursday, April 16, 2026 - 10:33 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী (ঈশা) বলেছেন, শিক্ষা মানুষকে আলোকিত করে, আর সেই আলোকিত মানুষই একটি জাতিকে উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যায়।

বৃহস্পতিবার রাজশাহী মুসলিম উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “তোমরাই আগামী দিনের ভবিষ্যৎ। তোমাদের সততা, অধ্যবসায় ও নৈতিকতার মধ্য দিয়েই দেশ গড়ে উঠবে। নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা মেনে চলা এবং শিক্ষক-অভিভাবকদের প্রতি সম্মান প্রদর্শনের মাধ্যমে নিজেদেরকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষানুরাগী সরফরাজ নেওয়াজ খান সজল এবং রাজশাহী লোকনাথ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাবুদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী মুসলিম উচ্চ বিদ্যালয়ের শিক্ষক একরামুল হক।

এ সময় শিক্ষার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক আব্দুল হামিম, সিনিয়র শিক্ষিকা মনিরা ফেরদৌসী ও সাবিনা ইয়াসমিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিনিয়র শিক্ষক তরিকুল ইসলাম।