ঢাকা | মে ৩, ২০২৬ - ৩:০৪ অপরাহ্ন

শিরোনাম

আইন-শৃঙ্খলা কমিটির সভায় পুকুর খনন বন্ধে কঠোর অবস্থানের সিদ্ধান্ত

  • আপডেট: Sunday, April 12, 2026 - 10:15 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে জেলা আইন-শৃঙ্খলা কমিটির এক গুরুত্বপূর্ণ সভায় অবৈধভাবে পুকুর খনন বন্ধে কঠোর অবস্থান নেয়ার বিষয়ে আলোচনা করা হয়েছে।

রোববার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং বর্তমান পরিস্থিতিতে জ্বালানি তেলের নিয়ন্ত্রণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় সভাপতিত্ব করেন রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম।

সভায় জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতির পাশাপাশি জ্বালানি তেল নিয়ে কারসাজি এবং অবৈধভাবে পুকুর খনন বন্ধে কঠোর অবস্থান নেয়ার বিষয়ে আলোচনা করা হয়।

এছাড়া অপরাধ নিয়ন্ত্রণ, জেলা প্রশাসন ও অন্যান্য দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেটদের মাধ্যমে মোবাইল কোর্ট পরিচালনা, সন্ত্রাসী কার্যক্রম প্রতিরোধ ও নির্মূলে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং মাদক নিয়ন্ত্রণের ওপর বিশেষ জোর দেয়া হয়।

সাধারণ মানুষের সুবিধার্থে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য স্থিতিশীল রাখার বিষয়ে সভায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় সংসদ সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য শফিকুল হক মিলন, রাজশাহী-১ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান, রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ, রাজশাহী-৪ আসনের সংসদ সদস্য আব্দুল বারী সরদার এবং রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম।

এছাড়াও সভায় আরও উপস্থিত ছিলেন রাজশাহীর পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক উম্মে কুলসুম সম্পা, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নাসিদ ফরহাদ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজশাহী জেলা নায়েবে আমির প্রফেসর আ. খালেক, রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান এবং সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন। পাশাপাশি জেলার বিভিন্ন সরকারি দপ্তর ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও এই আইন-শৃঙ্খলা কমিটির সভায় অংশ নেন।