রাজশাহী বোর্ডে এবার ১ লাখ ৭৭ হাজার ৭০৯ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষা দেবে
স্টাফ রিপোর্টার: রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে চলতি বছরের এসএসসি পরীক্ষায় ২৭৪ কেন্দ্রে ২ হাজার ৭০৯টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ১ লাখ ৭৭ হাজার ৭০৯ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে। এরইমধ্য সকল প্রস্তুতি সম্পন্ন করেছে শিক্ষা বোর্ড।
সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, ২০২৬ সালে রাজশাহী শিক্ষা বোর্ডে ২৭৪ কেন্দ্রে ৮ জেলার ২ হাজার ৭০৯টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ১ লাখ ৭৭ হাজার ৭০৯ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে। এর মধ্যে ছাত্র ৯৩ হাজার ১৭৪ জন এবং ছাত্রী ৮৫ হাজার ৫৩৫ জন। নিয়মিত পরীক্ষার্থী ১ লাখ ৪৬ হাজার ৫৪২ জন। অনিয়মিত পরীক্ষার্থী ৩১ হাজার ১৯ জন এবং বিভাগ উন্নয়ন পরীক্ষার্থী মাত্র ১৪৮ জন।
এবার বিজ্ঞান বিভাগে মোট পরীক্ষার্থী ৯২ হাজার ৯৬৭ জন, মানবিক বিভাগে ৭৯ হাজার ৮০৪ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৪ হাজার ৮৯৭ জন। জেলা ওয়ারী পরীক্ষার্থীর সংখ্যা হচ্ছে, রাজশাহী’র ৫৫ কেন্দ্রে ৫১৩ শিক্ষা প্রতিষ্ঠানের মোট পরীক্ষার্থী ২৮ হাজার ৫৩৭ জন। এর মধ্যে ছাত্র ১৫ হাজার ৪০৩ ও ছাত্রী ১৩ হাজার ১৩৪ জন।
চাঁপাইনবাবগঞ্জের ১৪ কেন্দ্রে ২৩৯ শিক্ষা প্রতিষ্ঠানের মোট পরীক্ষার্থী ১২ হাজার ৯৫৬ জন। এর মধ্যে ছাত্র ৬ হাজার ৮৯৯ ও ছাত্রী ৬ হাজার ০৫৭ জন। নাটোরের ২৭ কেন্দ্রে ২৯৫ শিক্ষা প্রতিষ্ঠানের মোট পরীক্ষার্থী ১৫ হাজার ৮৭৮ জন। এর মধ্যে ছাত্র ৭ হাজার ৯৯১ ও ছাত্রী ৭ হাজার ৮৮৭ জন। নওগাঁর ৩৯ কেন্দ্রে ৪২৪ শিক্ষা প্রতিষ্ঠানের মোট পরীক্ষার্থী ২১ হাজার ২৯৯ জন। এর মধ্যে ছাত্র ১১ হাজার ৬৮৭ ও ছাত্রী ৯ হাজার ৬১২ জন। পাবনার ৩১ কেন্দ্রে ৩০৪ শিক্ষা প্রতিষ্ঠানের মোট পরীক্ষার্থী ২৬ হাজার ৬৭২ জন।
এর মধ্যে ছাত্র ১৩ হাজার ১৪ ও ছাত্রী ১৩ হাজার ৬৫৮ জন। সিরাজগঞ্জের ৪৬ কেন্দ্রে ৩৫৩ শিক্ষা প্রতিষ্ঠানের মোট পরীক্ষার্থী ৩১ হাজার ৩৫৪ জন। এর মধ্যে ছাত্র ১৬ হাজার ৬১০ ও ছাত্রী ১৪ হাজার ৭৪৪ জন। বগুড়ার ৪৫ কেন্দ্রে ৪৪০ শিক্ষা প্রতিষ্ঠানের মোট পরীক্ষার্থী ৩২ হাজার ১০২ জন। এর মধ্যে ছাত্র ১৭ হাজার ৬৫ ও ছাত্রী ১৫ হাজার ৩৭ জন এবং জয়পুরহাটের ১৭ কেন্দ্রে ১৪১ শিক্ষা প্রতিষ্ঠানের মোট পরীক্ষার্থী ৮ হাজার ৯১১ জন। এর মধ্যে ছাত্র ৪ হাজার ৫০৫ ও ছাত্রী ৪ হাজার ৪০৬ জন চলতি বছরের এসএসসি পরীক্ষায় অংশ নেবে।
রাজশাহী শিক্ষা বোর্ডের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক (গোপনীয়) জহিরুল হক গণমাধ্যমকে বলেন, পরীক্ষার সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রতিটি পরীক্ষা কেন্দ্রের কক্ষগুলোতে এবার সিসি ক্যামেরা স্থাপনের নির্দেশনা দেয়া হয়েছে। শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণের জন্য বোর্ডের ভিজিলেন্স টিমের পাশাপাশি জেলা ও উপজেলা পর্যায়ের প্রশাসনের সার্বক্ষণিক তদারকি থাকবে। ইতিমধ্যেই সংশ্লিষ্ট সকল জেলা প্রশাসকের কার্যালয়ে প্রশ্নপত্র পাঠানো হয়েছে।
পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর আরিফুল ইসলাম গণমাধ্যমকে বলেন, কেন্দ্র সচিবদের সাথে মতবিনিময় সভায় শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। তার দেয়া নির্দেশনা মোতাবেক প্রতিটি কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপনের মাধ্যমে এবার নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে এসএসসি পরীক্ষা গ্রহণ করতে আমরা প্রস্তুত। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, যেহেতু ২১ এপ্রিল পরীক্ষা শুরু হচ্ছে। সময় খুবই কম, তাই শিক্ষার্থীদের পড়াশোনায় মনযোগী হওয়ায় আহবান জানিয়েছেন রাজশাহী শিক্ষা বোর্ডের এই পরীক্ষা নিয়ন্ত্রক।











