ঢাকা | এপ্রিল ৮, ২০২৬ - ১১:৪০ অপরাহ্ন

কৃষক হত্যার ২৭ বছর পর রায়: আ’লীগ নেতাসহ ছয়জনের যাবজ্জীবন

  • আপডেট: Wednesday, April 8, 2026 - 9:22 pm

নাটোর প্রতিনিধি: নাটোরের সিংড়ায় কৃষক মেছের আলী তালুকদারকে কুপিয়ে হত্যার ২৭ বছর পর দেয়া রায়ে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যানসহ ছয়জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার বিকালে নাটোরের অতিরিক্ত দায়রা জজ ৩য় আদালতের বিচারক  সাইফুল ইসলাম তার দেয়া রায়ে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানাও করেছেন। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার কলিগ্রামের সিরাজ উদ্দিনের দুই ছেলে ইদ্রিস আলী ও  ইউনুস আলী, গুনাইখাড়া গ্রামের সোলেমান আলী মৃধার দুই ছেলে আবু রায়হান মৃধা ও হাতিয়ানদহ ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি এবং একই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাহবুব মৃধা, একই গ্রামের অনাথ মণ্ডলের ছেলে শ্রী কার্তিক মণ্ডল এবং উলিপুর গ্রামের মকছেদ আলীর ছেলে আবুল হোসেন।

মামলা ও আদালত সূত্রে জানা যায়, নাটোরের সিংড়া উপজেলার কৃষক মেছের আলী তালুকদারের সঙ্গে গুনাইখাড়া গ্রামের সোলেমান আলী মৃধার জমি-জমা নিয়ে পূর্ব থেকে বিরোধ ছিল। ১৯৯৯ সালের ২৩ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টার দিকে জরুরি কাজে কৃষক মেছের আলী নিজগ্রামের খাজামুদ্দিনের বাড়িতে গেলে আসামিরা সেখানেই তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। খবর পেয়ে স্বজনরা বাড়ি নিয়ে আসার পরই তার মৃত্যু হয়।

এ ঘটনায় পরদিন তার ছেলে মোসলেম তালুকদার সিংড়া থানায় আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ সাক্ষ্য প্রমাণ শেষে আদালতের বিচারক বুধবার এ রায় দেন। রায় ঘোষণার সময় আদালতে চার আসামি উপস্থিত ছিলেন। তাদের দণ্ড রায় ঘোষণার দিন থেকেই কার্যকর হলেও আত্মগোপনে থাকা আবুল হোসেন ও আবু রায়হান মৃধা আটকের দিন থেকে কার্যকর করা হবে বলে রায়ে উল্লেখ করা হয়েছে।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত প্রত্যেককে তাদের স্থাবর-অস্থাবর সম্পত্তি থেকে ৫০ হাজার টাকা করে পরিশোধ করার জন্যও বিচারক নির্দেশনা দিয়েছেন। পূর্বে কোনো হাজতবাস করে থাকলে যাবজ্জীবন কারাদণ্ড থেকে তা কমিয়ে দেয়া হবে। নাটোর জজ আদালতের পিপি রুহুল আমিন তালুকদার টগর রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।