আরসিআরইউ’র ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
প্রেস বিজ্ঞপ্তি: রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটি’র (আরসিআরইউ) ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।
বুধবার কলেজের হাজী মুহাম্মদ মহসিন ভবনে ইউনিটির নিজ কার্যালয়ে এ উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন কলেজ অধ্যক্ষ প্রফেসর ড. ইব্রাহিম আলী। তিনি বলেন, রাজশাহী কলেজ জাতীয় পর্যায়ে যে শ্রেষ্ঠত্ব ধরে রেখেছে, তাতে আমাদের রিপোর্টার্স ইউনিটির গঠনমূলক ভূমিকা অনস্বীকার্য। সাংবাদিকতা বিভাগ না থাকলেও এই সংগঠনের সদস্যরা অত্যন্ত পেশাদারিত্বের সাথে কলেজের অর্জন ও সমস্যাগুলো তুলে ধরছে। সত্য ও বস্তুনিষ্ঠতার এই ধারা বজায় রেখে তারা আগামীতেও দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাবে বলে প্রত্যাশা করি।
ইউনিটির সদ্য সাবেক সভাপতি আবু সাঈদ রনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আবু মো. ইউনুছ আলী, ইউনিটির শিক্ষক উপদেস্টা ও দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক ড. সৈয়দ আলী আহসান ও বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোস্তাফিজুর রহমান। সদ্য সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলিমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরসিআরইউ’র সাবেক সভাপতি শেখ রহমত উল্লাহ, শামসুন্নাহার সুইটি ও আব্দুল হাকিমসহ নির্বাহী সদস্য ও সহযোগী সদস্যরা উপস্থিত ছিলেন। এর আগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইউনিটির কার্যালয়ের সামনে একটি জাকারান্ডা গাছের চারা রোপণ করেন অতিথিরা।











