ঢাকা | এপ্রিল ৯, ২০২৬ - ৩:১৩ পূর্বাহ্ন

মোহনপুরে চাচাকে কেচি দিয়ে গুরুতর আঘাত, ভাতিজা আটক

  • আপডেট: Wednesday, April 8, 2026 - 9:25 pm

মোহনপুর প্রতিনিধি: রাজশাহীর মোহনপুর উপজেলার মৌগাছী ইউনিয়নের মৌগাছী বাজারে চাচাকে কেচি দিয়ে গুরুতরভাবে আহত করার ঘটনা ঘটেছে।

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তি জয়ান উদ্দিন (৭০), তিনি মৃত নয়নের ছেলে এবং মোহনপুর উপজেলার মৌগাছী ইউপির হরিফলা গ্রামের বাসিন্দা।

অভিযুক্ত আলমগীর হোসেন (৩৫), আব্দুল করিমের ছেলে এবং একই গ্রামের বাসিন্দা। তিনি পেশায় একজন দর্জি। মৌগাছী বাজারে তার দর্জির দোকান রয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, আলমগীর হোসেন তার নিজ দর্জির দোকানে সম্পর্কে চাচা জয়ান উদ্দিনের ওপর কেচি দিয়ে হামলা চালান।

এতে জয়ান উদ্দিন গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন, সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে, ঘটনার পরপরই উত্তেজিত জনতা অভিযুক্ত আলমগীর হোসেনকে আটক করে মোহনপুর থানা পুলিশের কাছে সোপর্দ করেছে। তবে এই ঘটনার পিছনের ঘটনা এখনো সুস্পষ্টভাবে জানা যায়নি।

মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, আহত জয়ান উদ্দিন বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তিনি চিকিৎসা শেষে থানায় এসে অভিযোগ দায়ের করবেন। অভিযোগের প্রেক্ষিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। অভিযুক্ত আলমগীর হোসেন বর্তমানে থানা হেফাজতে রয়েছে। মামলা দায়ের হলে পরবর্তীতে তাকে আদালতে প্রেরণ করা হবে।