ঢাকা | এপ্রিল ৯, ২০২৬ - ৩:৩৫ পূর্বাহ্ন

প্রশিক্ষণে অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে নিজেকে আপডেটেড রাখতে হবে: আইজিপি

  • আপডেট: Wednesday, April 8, 2026 - 10:00 pm

চারঘাট প্রতিনিধি: ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেছেন, বর্তমান বিশ্বের প্রেক্ষাপটে অপরাধের ধরণ দ্রুত পরিবর্তিত হচ্ছে। প্রযুক্তিনির্ভর অপরাধ, সাইবার ক্রাইম এবং জঙ্গিবাদ মোকাবিলায় পুলিশ অফিসারদের দক্ষতা ও সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই প্রশিক্ষণে অর্জিত জ্ঞানকে কাজে লাগিয়ে নিজেকে সবসময় আধুনিক ও আপডেটেড রাখতে হবে।

বুধবার রাজশাহীর চারঘাট উপজেলার সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে ৪১তম ক্যাডেট ব্যাচের শিক্ষানবিশ সাব-ইন্সপেক্টরদের (এসআই) মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নবীন পুলিশ কর্মকর্তাদের অভিনন্দন জানিয়ে প্রধান অতিথি বলেন, এই দীর্ঘ ও কঠোর প্রশিক্ষণকাল তোমাদের শারীরিক সক্ষমতা, মানসিক দৃঢ়তা এবং নৈতিক মূল্যবোধকে সমৃদ্ধ করেছে। তোমাদের সামনে যে পথ উন্মুক্ত হচ্ছে, তা যেমন সম্মানের, তেমনি দায়িত্বপূর্ণ। একজন পুলিশ সদস্য হিসেবে তোমাদের প্রথম ও প্রধান দায়িত্ব হবে জনগণের নিরাপত্তা নিশ্চিত করা, আইন-শৃঙ্খলা রক্ষা করা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করা। তাই পেশাদারিত্ব, আন্তরিকতা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কর্তব্য পালনের করতে হবে।

তিনি নবীন কর্মকর্তাদের উদ্দেশে বলেন, জনগণের আস্থা ও ভালোবাসাই হলো বাংলাদেশ পুলিশের সবচেয়ে বড় শক্তি। তাই সততা, নিষ্ঠা ও মানবিকতা দিয়ে তোমাদের দায়িত্ব পালন করতে হবে। যেকোনো পরিস্থিতিতে আইনের শাসন সমুন্নত রাখা এবং দুর্নীতির বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেয়া তোমাদের নৈতিক কর্তব্য।

তিনি আরও বলেন, তোমরা আজ শুধু একটি চাকরিতে যোগ দিচ্ছ না, বরং একটি মহান সেবামূলক পেশায় আত্মনিয়োগ করছ, যে পেশার মূলমন্ত্র হলো ‘সেবাই ধর্ম’। মানুষের পাশে দাঁড়ানো, তাদের বিপদে সহায়তা করা এবং ন্যায় প্রতিষ্ঠা করার মূল্যবোধ ধারণ করেই তোমাদের এগিয়ে যেতে হবে। আমি আশা করি, তোমরা তোমাদের দায়িত্ব পালনে সর্বদা পেশাদারিত্ব, শৃঙ্খলা এবং দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করবে এবং বাংলাদেশ পুলিশের সুনাম অক্ষুন্ন রাখবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সারদা বাংলাদেশ পুলিশ একাডেমির অধ্যক্ষ জি এম আজিজুর রহমান। এ সময় সহকারী পুলিশ সুপার শুভ কুমার ঘোষ প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন। অন্যান্যের মধ্যে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, সামরিক-বেসামরিক কর্মকর্তা-কর্মচারী, প্রশিক্ষণ সমাপ্তকারী এসআইদের অভিভাবকবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি অভিবাদন গ্রহণ ও কুচকাওয়াজ পরিদর্শন করেন। পরে পরে শ্রেষ্ঠ ক্যাডেট হিসেবে সাব-ইন্সপেক্টর ইজাজ আহম্মেদ হিমেল (পিএ-৪২৬), মাঠপর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জনের জন্য ক্যাডেট সাব-ইন্সপেক্টর ওলিউল্লাহ (পিএ-২৪৬), শ্রেষ্ঠ শুটার হিসেবে ক্যাডেট সাব-ইন্সপেক্টর শুভ বিশ্বাস (পিএ-২২৪) এবং শ্রেষ্ঠ সাতারু হিসেবে ক্যাডেট সাব-ইন্সপেক্টর রায়হান (পিএ-৩৫৫) শিক্ষানবিশ সাব-ইন্সপেক্টরদের হাতে পুরস্কার তুলে দেন পুলিশ প্রধান। এবারের কুচকাওয়াজে ২০৯ জন শিক্ষানবিশ সাব-ইন্সপেক্টর অংশ নেন। তাদের মধ্যে পাঁচজন নারী সদস্য রয়েছেন।