বাঘায় নিখোঁজের পরদিন পুকুরে মিললো মরদেহ, এলাকায় চাঞ্চল্য
বাঘা প্রতিনিধি: রাজশাহীর বাঘা উপজেলার মনিগ্রাম এলাকায় মঙ্গলবার জাল টেনে নিখোঁজ এক ব্যক্তির লাশ পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং স্থানীয়দের মধ্যে রহস্যের সৃষ্টি হয়েছে। নিহত ব্যক্তির নাম সানাউল্লাহ। তিনি মৃত খলিল উদ্দিন সরকারের ছেলে। তার বাড়ি উপজেলার তুলশীপুর গ্রামে।
স্থানীয় সূত্রে জানা যায়, সানাউল্লাহ প্রায় দুই বছর আগে মনিগ্রাম এলাকায় বাড়ি নির্মাণ করে বসবাস শুরু করেন। এর আগে তার বসতভিটা ছিল বেড় হাবাসপুর এলাকায়। গত সোমবার সন্ধ্যার পর থেকে তাকে কোনোভাবেই খুঁজে পাওয়া যাচ্ছিল না। আত্মীয়স্বজনের বাড়িতেও খোঁজ নিয়েও তার সন্ধান মেলেনি।
মঙ্গলবার সকাল ৮টার দিকেতার বাড়ির পাশের পুকুরে মাছ ধরার জন্য জেলেরা জাল ফেললে তার মরদেহ পাওয়া যায়। স্থানীয়দের দাবি, লাশের গলা ও ঘাড়ে আঘাতের চিহ্ন রয়েছে। নিহত সানাউল্লাহ পরিবারের অভিযোগ, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষরা তাকে শ্বাসরোধ করে হত্যা করেছে। পরে লাশটি গোপনে পুকুরে ফেলে দেওয়া হয়। বাঘা পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে কাজ চলছে।
এ বিষয়ে বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হক জানান, আমরা খবর পেয়ে লাশ থানায় নিয়ে এসেছি। বিকালে ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। একই সঙ্গে ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত চলছে বলেও উল্লেখ করেন তিনি। এব্যাপারে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়।











