২০ বছর ছদ্মবেশে থাকা যাবজ্জীবন সাজার আসামি রাজশাহীতে গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার: রাজশাহীতে দীর্ঘ ২০ বছর ধরে ছদ্মবেশে থাকা বরিশালের এক ধর্ষণ মামলার যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব।
এতদিন ছদ্মবেশে আত্মগোপন করে রাজশাহীতে বসবাস করলেও শেষ পর্যন্ত আইন-শৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে পারেননি তিনি।
গ্রেপ্তার ব্যক্তির নাম খলিল। বরিশালের উজিরপুর উপজেলার বারাইকান্দি গুঠিয়া গ্রামের বাসিন্দা তিনি। গতকাল মঙ্গলবার র্যাব-৫ এর সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
র্যাব জানায়, উজিরপুর থানায় দায়ের হওয়া একটি ধর্ষণ মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি খলিল। পলাতক অবস্থায় মামলার রায় হলে সাজা এড়াতে তিনি ছদ্মবেশ ধারণ করে দীর্ঘদিন ধরে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানা এলাকায় বসবাস করে আসছিলেন।
গত সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে নগরীর রাজপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আসামি কারাদণ্ড নিয়ে পলাতক থাকার বিষয়টি স্বীকার করেছেন। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আসামিকে রাজপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছে র্যাব।











