৯৫তম জন্মবার্ষিকীতে মহানায়িকা সুচিত্রা সেনকে স্মরণ
পাবনা প্রতিনিধি: পাবনায় পৈতৃক বাড়িতে উপমহাদেশের কিংবদন্তি অভিনেত্রী সুচিত্রা সেনের ৯৬তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে পুষ্পমাল্য অর্পণ ও কেক কাটা হয়।
সোমবার (৬ এপ্রিল ) সকালে পাবনা জেলা শহরের গোপালপুর মহল্লার হেমসাগর লেনে অভিনেত্রীর পৈতৃক বাড়িতে সুচিত্রা সেনের ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ ও শ্রদ্ধা নিবেদন ও কেক কাটেন পাবনা সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদ ও স্থানীয় সাংস্কৃতিক কর্মীরা। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি ডা. রাম দুলাল ভৌমিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নরেশ মধুর সঞ্চলনায় সুচিত্রা সেন জন্মবার্ষিকীতে বক্তব্য দেন পাবনা প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের কার্যকরী সদস্য এ বি এম ফজলুর রহমান, সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের উপদেষ্টা কৃষিবিদ জাফর সাদেক, দপ্তর সম্পাদক শিশির ইসলাম ও কানিজ ফাতেমা।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পাবনা জিলা স্কুলের অবসরপ্রাপ্ত সহাকারি প্রধান শিক্ষক অরূপ কুমার কুন্ডু, সাংস্কৃতিক কর্মী হাসান মাহমুদ, সাবেরা সুলতানা, ফজলুল হক সুমন প্রমুখ ।
জন্মদিনে সুচিত্রা সেনের পৈতৃক বাড়ি উদ্ধারের দীর্ঘদিন পার হলেও বাড়িটিতে সুচিত্রা সেন স্মৃতি সংগ্রহশালা গড়ে না ওঠায় হতাশা প্রকাশ করে বক্তারা বলেন, ‘বাড়িটিতে এখনো সুচিত্রা সেন স্মৃতি সংগ্রহশালা করার কোনো কাজ হয়নি। দিন দিন বিষয়টি স্তিমিত হয়ে পড়ছে। দ্রুত সুচিত্রা সেনের বাড়িটি আন্তর্জাতিক মানের সুচিত্রা সেন স্মৃতি সংগ্রহশালা করা হোক।’
১৯৩১ সালের ৬ এপ্রিল জন্মগ্রহণ করেন উপমহাদেশের কিংবদন্তী এই মহানায়িকা। অনন্য অভিনয়ের কারণে আজও কোটি ভক্তের হূদয়ে সমুজ্জ্বল সুচিত্রা সেন। বাংলা সিনেমাকে তিনি নিয়ে গেছেন এক অন্য উচ্চতায়।











