ঢাকা | এপ্রিল ৭, ২০২৬ - ১২:২০ পূর্বাহ্ন

শিরোনাম

আধুনিক হচ্ছে রাজশাহীসহ ৮ বিভাগীয় মেডিকেলের ইমেজিং ব্যবস্থা

  • আপডেট: Monday, April 6, 2026 - 10:00 pm

একনেকে ৫ প্রকল্প অনুমোদন:

স্টাফ রিপোর্টার: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালসহ দেশের আটটি বিভাগীয় মেডিকেল কলেজ হাসপাতালের ডায়াগনস্টিক ইমেজিং ব্যবস্থার আধুনিকীকরণ প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে।

আজ সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।

সভায় এই প্রকল্পসহ মোট ৫টি প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে, যার সম্মিলিত প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৪৮৩ কোটি ৪৩ লাখ টাকা। মোট ব্যয়ের মধ্যে সরকারি তহবিল থেকে ৩৯০ কোটি ৮৪ লাখ টাকা এবং প্রকল্প ঋণ হিসেবে ৯২ কোটি ৫৯ লাখ টাকা জোগান দেয়া হবে। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে ৩টি সংশোধিত প্রকল্প এবং ২টির মেয়াদ বৃদ্ধি করা হয়েছে।

সংশ্লিষ্টরা আশা করছেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে রাজশাহীসহ দেশের বড় আটটি সরকারি হাসপাতালে রোগ নির্ণয়ের ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন আসবে। আধুনিক ইমেজিং ব্যবস্থার মাধ্যমে সিটি স্ক্যান, এমআরআই ও এক্স-রেসহ অন্যান্য পরীক্ষাগুলো আরও নিখুঁত ও দ্রুত সম্পন্ন করা যাবে। এতে রোগীদের দীর্ঘদিনের ভোগান্তি কমার পাশাপাশি উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত হবে।

এছাড়াও পরীক্ষার রিপোর্ট পেতে সময় অনেক কম লাগবে। এতে জরুরি বিভাগে আসা রোগীদের দ্রুত চিকিৎসা শুরু করা সম্ভব হবে। একইসঙ্গে ক্যানসার বা হৃদরোগের মতো জটিল ব্যাধিগুলো একদম প্রাথমিক পর্যায়ে ধরা পড়বে, যখন সুস্থ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে।

এদিকে, প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অংশ নেন- পরিকল্পনা এবং অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, শিল্প, বস্ত্র ও পাট এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা।

অনুমোদিত ৫টি প্রকল্প হলো: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের ২টি প্রকল্প– (১) ‘সার্বজনীন সামাজিক অবকাঠামো উন্নয়ন প্রকল্প-২ (জিএসআইডিপি-২) (১ম সংশোধন)’, (২) ‘চর ডেভেলপমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট প্রজেক্ট-৪ (সিডিএসপি-৪) (৩য় সংশোধন)’ প্রকল্প। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের একটি প্রকল্প ‘আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার স্থাপন (২য় সংশোধিত)’।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ২টি প্রকল্প (১) ‘শিশু ও মাতৃস্বাস্থ্য এবং স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন (কম্পোনেন্ট-২): দেশের ৮টি বিভাগীয় মেডিকেল কলেজ হাসপাতালের ডায়াগনস্টিক ইমেজিং ব্যবস্থার আধুনিকীকরণ (১ম সংশোধিত)’, (২) ‘গোপালগঞ্জ ডেন্টাল কলেজ ও হাসপাতাল স্থাপন (২য় সংশোধিত)’।

সোনালী/জগদীশ রবিদাস