ঢাকা | এপ্রিল ৬, ২০২৬ - ১২:১৫ পূর্বাহ্ন

শিরোনাম

রাজশাহী বিভাগের পাঁচ জেলায় হামের টিকাদান কর্মসূচি শুরু

  • আপডেট: Sunday, April 5, 2026 - 10:30 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী বিভাগের পাঁচ জেলায় শিশুদের জন্য তিন সপ্তাহব্যাপী বিশেষ হাম টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। তুলনামূলক বেশি সংক্রমণপ্রবণ এলাকাগুলোকে অগ্রাধিকার দিয়ে এ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

রোববার সকাল ৯টায় গোদাগাড়ী উপজেলার মাটিকাটা কমিউনিটি ক্লিনিকে বেলুন ও পায়রা উড়িয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। এসময় তিনি বলেন, বিশেষ এ টিকাদান কর্মসূচির আওতায় মোট ৫৬ হাজার ৬০০ শিশুকে টিকা দেয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘প্রথম দিনে ২৭টি কেন্দ্রে টিকাদান কার্যক্রম চলছে। এদিন ৫ হাজার ৬০০ শিশুকে টিকা দেয়ার লক্ষ্য রয়েছে।’

তিনি আরও বলেন, ‘টিকাদান কেন্দ্রগুলোতে প্রয়োজনীয় প্রস্তুতি রয়েছে এবং সুশৃঙ্খলভাবে কার্যক্রম এগিয়ে যাচ্ছে। অভিভাবকেরা স্বতঃস্ফূর্তভাবে শিশুদের কেন্দ্রে নিয়ে আসছেন। টিকা নিতে মানুষের মধ্যে অনীহা দেখা যায়নি বলেও জানান তিনি।’

অনুষ্ঠানে সিভিল সার্জন ডা. এস. আই. এম. রাজিউল করিম বলেন, ‘৫ থেকে ৫৯ মাস বয়সী সব শিশুকে এ টিকা দেয়া হবে। প্রথম দিনে গোদাগাড়ী উপজেলায় ৫ হাজার ৬৫০ জন এবং পৌর এলাকায় ৬২৮ জন শিশুকে টিকা দেয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। যেসব শিশু অন্তত ২৮ দিন আগে টিকা নিয়েছে, তাদেরও এ কর্মসূচির আওতায় আবার টিকা দেয়া হবে।’

তিনি আরও বলেন, ‘পর্যায়ক্রমে জেলায় প্রায় ৪০ হাজার শিশুর মধ্যে এ টিকাদান কার্যক্রম পরিচালনা করা হবে।’

আগামী তিন সপ্তাহ প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ কার্যক্রম চলবে। স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা বলছেন, হাম প্রতিরোধে শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে বিশেষ এ টিকাদান কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এজন্য অভিভাবকদের নির্ধারিত কেন্দ্রে শিশুদের নিয়ে এসে টিকা দেয়ার আহ্বান জানানো হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাসান, রাজশাহীর স্থানীয় সরকার শাখার উপপরিচালক জাকিউল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহা. সবুর আলী, গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার নাজমুস সাদাত রত্ন ও সহকারী কমিশনার (ভূমি) শামসুল ইসলাম।

চাঁপাইনবাবগঞ্জে টিকাদান কর্মসূচির উদ্বোধন:

চাঁপাইনবাবগঞ্জ ব্যুরো জানায়, হামের প্রাদুর্ভাব নির্মূলে চাঁপাইনবাবগঞ্জের জেলা হাসপাতালে হাম প্রতিরোধে বিশেষ টিকাদান কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু ছালেহ মুসা জঙ্গী। এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক উজ্জ্বল কুমার ঘোষ ও জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মুহাম্মদ মশিউর রহমান।

চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডা. একেএম শাহাব উদ্দিন জানান, জেলার হাম সংক্রমণের হটস্পট শিবগঞ্জ, ভোলাহাট ও  সদর উপজেলায় এই টিকাদান কার্যক্রম শুরু হলো। এ কার্যক্রমের আওতায় ১ লাখ ৬৭ হাজার ২৮৭ জন শিশুকে টিকা দেয়া হবে। ইতিমধ্যে স্বাস্থ্্য বিভাগ থেকে নতুন করে ১ লাখ ৬৫ হাজার টিকা পাওয়া গেছে। ৬ মাস থেকে ৫৯ মাস বয়সের শিশুদের এই টিকা দেয়া হবে। আগামী ২৩ এপ্রিল পর্যন্ত জেলার ৩টি উপজেলার  ১২ ইউনিয়নের ৩৯ টি টিকা কেন্দ্রগুলোতে এ কর্মসূচি চলবে।

সিভিল সার্জন আরো জানান, ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের এই টিকার আওতায় আনা হবে।। প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই কর্মসূচি চলবে। প্রার্দুভাব বেশি থাকলেও সর্বোচ্চ প্রস্তুতি ও লোকবল নিয়ে কাজ করা হচ্ছে। আবু ছালেহ মো. মুসা জঙ্গী জানান, সবচেয়ে বেশি প্রার্দুভাব হওয়া ৩০টি উপজলার মধ্যে চাঁপাইনবাবগঞ্জেই রয়েছে তিনটি উপজেলা রয়েছে। আমরা গত বৃহস্পতিবার হাম প্রতিরোধে বিভাগীয় কমিশনার ও বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের উপস্থিতি করনীয় নিয়ে আলোচনা সভা আয়োজন করা হয়েছিল। আশা করছি, আর সংক্রমণ বাড়বে না। কারন ইতিমধ্যে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। এর আগে যারা হামের উপসর্গ নিয়ে মারা গেছে, ল্যাব টেস্টের মাধ্যমে বোঝা যাবে মৃত্যুর সঠিক কারণ।

সোনালী/জগদীশ রবিদাস