ঢাকা | এপ্রিল ৬, ২০২৬ - ১২:১৪ পূর্বাহ্ন

শিরোনাম

চারঘাটে ফেনসিডিলসহ দু’জন গ্রেপ্তার, অস্ত্র-ককটেল উদ্ধার

  • আপডেট: Sunday, April 5, 2026 - 9:41 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহীর চারঘাটে পৃথক অভিযান চালিয়ে ৩৪ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫। এ ছাড়া একই এলাকায় অপর এক অভিযানে পরিত্যক্ত অবস্থায় ১১টি ককটেল ও দুটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

গত শনিবার দিবাগত রাতে চারঘাট থানার ইউসুফপুর ও মোক্তারপুর এলাকায় এই অভিযান দুটি পরিচালিত হয়। র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার রাত ১১টার দিকে চারঘাট থানার ইউসুফপুর গ্রামে সাইফুল ইসলামের মুদি দোকানের সামনে চেকপোস্ট বসায় র‌্যাব-৫-এর একটি বিশেষ দল। এ সময় একটি মোটরসাইকেলের গতিবিধি সন্দেহজনক মনে হলে সেটিকে থামানো হয়। পরে তল্লাশি চালিয়ে মোটরসাইকেলের ভেতর অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৩৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

মাদক পরিবহনের অভিযোগে ঘটনাস্থল থেকেই দুজনকে গ্রেপ্তার করে র‌্যাব। তারা হলেন চারঘাট থানার ইউসুফপুর গ্রামের রায়হান আলী (২৬) ও একই এলাকার  ইনতাজুল হোসেন (২৬)।  এ সময় তাদের ব্যবহৃত মোটরসাইকেল এবং দুটি সিমসহ একটি মোবাইল ফোন জব্দ করা হয়। এদিকে একই রাতে পৌনে ১২টার দিকে চারঘাট থানার মোক্তারপুর ১ নম্বর ওয়ার্ডে রাজশাহী ক্যাডেট কলেজের দেয়াল সংলগ্ন এলাকায় অভিযান চালায় র‌্যাব। সেখানে পরিত্যক্ত অবস্থায় ১১টি ককটেল ও দুটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। তবে এই ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

র‌্যাব-৫ এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তারা পার্শ্ববর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে বিক্রির উদ্দেশে নিয়ে যাচ্ছিলেন। এ ঘটনায় চারঘাট থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত ককটেল ও দেশীয় অস্ত্র পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাব নিশ্চিত করেছে।