ঢাকা | এপ্রিল ৫, ২০২৬ - ৮:৩৬ অপরাহ্ন

শিরোনাম

হাম ও উপসর্গে ৬ মৃত্যু: আজ থেকে গোদাগাড়ীসহ ৩০ উপজেলায় টিকা

  • আপডেট: Sunday, April 5, 2026 - 12:22 am

স্টাফ রিপোর্টার: রাজশাহীসহ সারা দেশে হামের প্রাদুর্ভাব আশঙ্কাজনক হারে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে।

এছাড়া রাজশাহীসহ অন্যান্য স্থানে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। গতকাল শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে এ তথ্য নিশ্চিত করা হয়।

এদিকে, হামের এই ঊর্ধ্বমুখী সংক্রমণ ও মৃত্যু রোধে জরুরি পদক্ষেপ নিয়েছে সরকার। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, আজ রোববার থেকে দেশের ১৮টি জেলার ৩০টি উপজেলায় বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে। রাজশাহীর গোদাগাড়ী উপজেলাও এই বিশেষ কর্মসূচির অন্তর্ভুক্ত।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, হামের প্রাদুর্ভাব মোকাবিলায় ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে দ্রুত টিকাদান নিশ্চিত করতেই এই বিশেষ উদ্যোগ নেয়া হয়েছে। নাগরিকদের আতঙ্কিত না হয়ে শিশুদের নিকটস্থ টিকাদান কেন্দ্রে নিয়ে আসার জন্য অনুরোধ জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হামে ২ জনের মৃত্যু হলেও হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে আরও ৪ জনের। এছাড়া নতুন করে হাম শনাক্ত হয়েছে ৬০ জনের। এছাড়া উপসর্গ শনাক্ত হয়েছে ৭৮৭ জনের।

এ নিয়ে দেশে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৬ জনের। আর হামের উপসর্গ নিয়ে ৯৮ জনের মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

এছাড়া হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে সবচেয়ে বেশি ৩১৫ জন ভর্তি হয়েছে ঢাকার হাসপাতালগুলোতে। সবচেয়ে কম ৪ জন ভর্তি হয়েছে ময়মনসিংহে। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে এসেছে ৬ হাজার ৪৭৬ জন। এদের মধ্যে ৮২৬ জনের হাম শনাক্ত হয়েছে। এছাড়া এ সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৪ হাজার ৬২৮ জন। এদের মধ্যে চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছে ২ হাজার ৬৫৪ জন।

অন্যদিকে, গত শুক্রবার (৩ এপ্রিল) দুপুর থেকে গতকাল শনিবার দুপুর পর্যন্ত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে রামেক হাসপাতালে তিনজন শিশুর মৃত্যু হয়েছে। হাসপাতালটিতে সর্বশেষ মারা যাওয়া তিন শিশু হলো, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের চার মাস বয়সী সিনথিয়া, কুষ্টিয়ার কুমারখালী উপজেলার পাঁচ মাস বয়সী রুহি এবং নাটোরের বাগাতিপাড়ার পাঁচ মাস বয়সী শিশু সামিয়া। তাদের প্রত্যেকের হামের উপসর্গ ছিল।

রামেক হাসপাতালের মুখপাত্র শংকর কুমার বিশ্বাস গণমাধ্যমকে জানিয়েছেন, হাসপাতালটিতে এখন হামের উপসর্গ নিয়ে ১৪৯ শিশু চিকিৎসাধীন রয়েছে। যে সংখ্যক রোগী ছাড়পত্র পাচ্ছে, তার চেয়ে বেশি ভর্তি হচ্ছে। তাই আইসোলেশন ওয়ার্ডে রোগীর সংখ্যা বাড়ছে।

শংকর কুমার বিশ্বাস গণমাধ্যমকে জানান, ২৪ ঘণ্টায় নতুন করে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ২৫ জন ভর্তি হয়েছে। আর সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে মাত্র তিন শিশু। সংক্রমণ শুরুর পর থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে ৩৭৭ জন। আর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৩৮ শিশু।

গোদাগাড়ীসহ ৩০ উপজেলায় টিকাদান কর্মসূচি: দেশে হামের প্রাদুর্ভাব মোকাবিলায় আজ রোববার থেকে রাজশাহীর গোদাগাড়ীসহ ১৮ জেলার মোট ৩০টি উপজেলায় জরুরি টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ৬ থেকে ৫৯ মাস বয়সী সব শিশুকে এই কর্মসূচির আওতায় টিকা দেয়া হবে। যারা আগে টিকা নিয়েছে, তাদেরও পুনরায় টিকা দেয়া হবে। তবে বর্তমানে হামে আক্রান্ত বা জ্বরে ভুগছে, এমন শিশুদের এই মুহূর্তে টিকা দেয়া হবে না; তাদের ভিটামিন ‘এ’ খাওয়ানো হবে।

স্বাস্থ্যমন্ত্রী জানান, প্রাথমিকভাবে যেসব এলাকায় হামের প্রকোপ বেশি, এমন ৩০টি উপজেলায় এই কার্যক্রম শুরু করা হচ্ছে। তবে এখানেই কর্মসূচি সীমাবদ্ধ থাকবে না, পর্যায়ক্রমে দেশের সব শিশুকে টিকার আওতায় আনা হবে।

মন্ত্রী আরও বলেন, এই কর্মসূচির আওতায় থাকা অধিকাংশ শিশু ২০২০ সালের জাতীয় ক্যাম্পেইনের পর জন্ম নেয়ায় তাদের অনেকেই টিকা পায়নি। তাই ঝুঁকি এড়াতে পুনরায় টিকাদান কার্যক্রম জোরদার করা হচ্ছে।

আজ রোববার থেকে যেসব উপজেলায় টিকাদান কর্মসূচি চলবে, সেগুলো হলো রাজশাহীর গোদাগাড়ী, ঢাকার নবাবগঞ্জ, মুন্সিগঞ্জের লৌহজং, সদর ও শ্রীনগর, ঝালকাঠির নলছিটি, ময়মনসিংহের ত্রিশাল, সদর ও ফুলপুর, চাঁদপুরের হাইমচর ও সদর, বরিশালের মেহেন্দীগঞ্জ ও বাকেরগঞ্জ, পাবনার ঈশ্বরদী, সদর, আটঘরিয়া ও বেড়া, নওগাঁর পোরশা, গাজীপুর সদর, নেত্রকোনার আটপাড়া, শরীয়তপুরের জাজিরা, বরগুনা সদর, মাদারীপুর সদর, কক্সবাজারের মহেশখালী ও রামু, চাঁপাইনবাবগঞ্জ সদর, শিবগঞ্জ, ভোলাহাট, নাটোর সদর এবং যশোর সদর।