বাঘায় ডিবির অভিযানে ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার: রাজশাহীর বাঘা উপজেলায় অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবাসহ চার মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। গত মঙ্গলবার রাত ৯টা ৫ মিনিটে বাঘা থানাধীন আলাইপুর মহাজনপাড়া গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।রাজশাহী ভ্রমণ গাইড
গ্রেফতারকৃতরা হলেন- মো. মিজানুর রহমান (৩৫), মো. সিফাত ইসলাম (২৩), মো. দুর্জয় হোসেন (১৯) ও মো. রাজেস আলী (২১)। এর মধ্যে মিজানুর রহমান ও সিফাত ইসলাম বাঘা উপজেলার আলাইপুর (মহাজনপাড়া) গ্রামের খাকছার আলী ও জিয়ারুল ইসলামের ছেলে। অপর দুইজন দুর্জয় হোসেন ও রাজেস আলী মহদীপুর (নতুনপাড়া) গ্রামের হাজিফুর রহমান ও গিয়াস উদ্দিনের ছেলে।
ডিবি সূত্রে জানা যায়, জেলা গোয়েন্দা শাখার এসআই (নি.) স্বপন হোসেন সঙ্গীয় ফোর্সসহ ৩১ মার্চ রাত সাড়ে ৮টার দিকে বাঘা থানার মীরগঞ্জ মোড় ও আশপাশ এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করছিলেন।
এসময় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, আলাইপুর মহাজনপাড়া এলাকায় এমদাদুল হকের বাড়ির সামনে কয়েকজন মাদক ব্যবসায়ী ইয়াবা বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।
সংবাদের ভিত্তিতে রাত ৮টা ৫০ মিনিটে সেখানে অভিযান চালানো হয়। এসময় ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা পালানোর চেষ্টা করলে রাত ৯টা ৫ মিনিটে তাদের আটক করা হয়।
পরে মিজানুর রহমানের দেহ তল্লাশি করে তার পরিহিত লুঙ্গির ডান কোচর থেকে নীল রঙের একটি এয়ারটাইট পলিব্যাগে রাখা ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বাঘা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে।











