বরেন্দ্র অঞ্চলে পানি সঙ্কট দূরীকরণ শীর্ষক মতবিনিময় সভা
স্টাফ রিপোর্টার: সিসিবিভিও-রাজশাহীর আয়োজনে এবং ব্রেড ফর দি ওয়ার্ল্ড, জার্মানীর সহায়তায় “ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর গ্রাম ভিত্তিক স্থিতিশীল খাদ্য নিরাপত্তা কর্মসূচি” প্রকল্পের আওতায় ‘সেচের পানি প্রাপ্তি ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের প্রতি বৈষম্যমূলক দৃষ্টিভঙ্গি বিলোপ কল্পে’ বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ, রক্ষাগোলার নেতৃবৃন্দ, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ও স্থানীয় (বাঙালি) কৃষক ও সাংবাদিকবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে আয়োজিত মতবিনিময় সভায় সিসিবিভিও’র ঊর্ধ্বতন কর্মসূচি কর্মকর্তা নিরাবুল ইসলামের সঞ্চালনায় সভাপতিত্ব করেন রক্ষাগোলা সমন্বয় কমিটির সভাপতি সুধীর সরেন। কি-নোট উপস্থাপন করেন সিসিবিভিও’র কর্মসূচি কর্মকর্তা জোসেফ হাঁসদা। মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ)-এর নির্বাহী পরিচালক আবু সাঈদ মো. কামরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন সিসিবিভিও’র সভাপতি প্রফেসর আবদুস সালাম, নির্বাহী প্রধান বীর মুক্তিযোদ্ধা সারওয়ার-ই-কামাল স্বপন ও বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ড. আবুল কাশেম।
অনুষ্ঠানের শুরুতে মতবিনিমিয় সভার সভাপতি সুধীর সরেন সকলকে শুভেচ্ছা জানিয়ে সূচনা ঘোষণা করেন। মুক্ত আলোচনা শেষে বিএমডিএ প্রতিনিধি আব্দুল লতিফ সরকার ও নাইমুল হাসান বক্তব্য রাখেন। সভায় বিএমডিএ’র নির্বাহী পরিচালক বলেন, সিসিবিভিও আয়োজন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অধিকার আদায়ে কাজ করবে। তিনি সভায় পরামর্শ দেন আপনারা চেইন অফ কমান্ড মেনে আমার কাছে অভিযোগ পাঠান। আমি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো। এই মতবিনিময়গুলো জোন ধরে আয়োজন করতে হবে। তারপর জোনের ফিডব্যাক নিয়ে জেলা পর্যায়ে আলোচনা করলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জনগণ সুফল পাবে। মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন সিসিবিভিওর কর্মসূচি কর্মকর্তা রুমা লাভলী মূর্মূ ও সমাজ সংগঠক ইমরুল সাদাত।











