ঢাকা | এপ্রিল ২, ২০২৬ - ১২:১৪ পূর্বাহ্ন

পত্নীতলায় পিকআপের ধাক্কায় সাইকেল আরোহী নিহত

  • আপডেট: Wednesday, April 1, 2026 - 9:19 pm

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁ-নজিপুর সড়কে পিকআপের ধাক্কায় মোজাফফর (৬৮) নামে এক সাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বুধবার আনুমানিক দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোজাফফর নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার নাদৌর গ্রামের বাসিন্দা এবং মৃত আয়েজ উদ্দিনের ছেলে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে মোজাফফর সাইকেল যোগে নওগাঁ রোড থেকে নজিপুরের দিকে যাচ্ছিলেন।

এসময় পেছন দিক থেকে একটি পিকআপ তাকে ধাক্কা দিলে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পিকআপটি পালিয়ে গেছে বলে জানা গেছে। স্থানীয়রা সড়কে যানবাহনের বেপরোয়া গতি নিয়ন্ত্রণে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। এ বিষয়ে পত্নীতলা থানার অফিসার ইনচার্জ নিয়ামুল হক মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।