ঢাকা | এপ্রিল ২, ২০২৬ - ১২:১৩ পূর্বাহ্ন

নওগাঁয় পারিবারিক কলহের জেরে স্বামীর হাতে স্ত্রী খুন

  • আপডেট: Wednesday, April 1, 2026 - 9:55 pm

পোরশা প্রতিনিধি: নওগাঁর পোরশা উপজেলায় পারিবারিক কলহের জেরে স্বামীর হাতে স্ত্রী খুনের ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্বামী মো. মকিমকে (৩৬) গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার শিউলী ডাঙ্গাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মোছা. মর্জিনা খাতুন (২৮) একই গ্রামের মশিউর রহমানের মেয়ে। বিকেল ৪টার দিকে নওগাঁর পুলিশ সুপার তারিকুল ইসলামের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, পারিবারিক কলহের জেরে মকিম নিজ বাড়িতে স্ত্রী মর্জিনা খাতুনকে প্রেসার কুকার দিয়ে এলোপাতাড়িভাবে মাথার পেছনে, মুখমণ্ডল ও নাকে আঘাত করে গুরুতর আহত করেন।

পরে স্বজনরা তাকে উদ্ধার করে তাৎক্ষণিক পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা করে মৃত ঘোষণা করেন। ঘটনার পর পুলিশ সুপারের নির্দেশনায় পোরশা থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে দুপুর ২টার দিকে পালানোর সময় অভিযুক্ত মকিমকে গ্রেপ্তার করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।