ঢাকা | এপ্রিল ২, ২০২৬ - ১২:১১ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে গণমাধ্যমকর্মীদের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়

  • আপডেট: Wednesday, April 1, 2026 - 9:14 pm

চাঁপাইনবাবগঞ্জ ব্যুরো: চাঁপাইনবাবগঞ্জ জেলার সামগ্রিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রমে গণমাধ্যমের সহযোগিতা কামনায় স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু ছালেহ মুসা জঙ্গী।

বুধবার বেলা ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সভায় জেলা প্রশাসক জেলার বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, চলমান উন্নয়ন কর্মকাণ্ড এবং বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে সাংবাদিকদের সঙ্গে খোলামেলা আলোচনা করেন। এসময় সাংবাদিকরা মাদক নিয়ন্ত্রণ, সীমান্ত সমস্যা, কৃষিপণ্য বিপণন, শিক্ষা ও স্বাস্থ্য খাতের মানোন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে তাদের মতামত ও পরামর্শ তুলে ধরেন।

জেলা প্রশাসক বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ এবং প্রশাসনের অন্যতম সহযোগী। চাঁপাইনবাবগঞ্জকে একটি আদর্শ ও উন্নত জেলা হিসেবে গড়ে তুলতে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা অত্যন্ত জরুরি।

আমরা স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে কাজ করতে চাই-এক্ষেত্রে আপনাদের গঠনমূলক সমালোচনা ও সহযোগিতা প্রয়োজন। তিনি আরও জানান, জেলা প্রশাসন সবসময় সাধারণ মানুষের জন্য উন্মুক্ত থাকবে এবং জনগুরুত্বপূর্ণ যেকোনো বিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হবে।

মতবিনিময় সভায় সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন, সাংবাদিক গোলাম মোস্তফা মন্টু, ডাবলু কুমার ঘোষ, রফিকুল ইসলাম, মনোয়ার ইসলাম জুয়েল, আশরাফুল ইসলাম রঞ্জু, হোসেন শাহনেওয়াজ, জহুরুল ইসলাম প্রমুখ।

সভায় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক উজ্জল কুমার ঘোষ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বক) নকিব হোসেন তরফদার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আনিসুর রহমানসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গত ১৬ মার্চ চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক হিসেবে আবু ছালেহ মুসা জঙ্গী যোগদান করেন।