শিবগঞ্জে ৬৭০ কৃষক পেলো রাসায়নিক সার ও বীজ
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: ২০২৫-২৬ অর্থবছরে খরিপ-১ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় পাট, গ্রীষ্মকালীন মুগ ও তিল ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৬৭০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
বুধবার বিকেলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা কৃষি অফিসের সামনে এসব বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ।
এ সময় তিনি বলেন, বর্তমান সরকার কৃষি উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন। বাংলাদেশ এমন একটি দেশ যেখানে বারো মাস ফসল উৎপাদনের সুযোগ রয়েছে। অনুকূল আবহাওয়া ও উর্বর জমি দেশের বড় সম্পদ। দেশকে সেরা ও সুন্দর রাষ্ট্রে পরিণত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, সরকার সহযোগিতার হাত বাড়িয়ে দিতে প্রস্তুত। তবে সংশ্লিষ্ট কর্মকর্তা ও কৃষকদের আন্তরিক সহযোগিতা ছাড়া কাঙ্ক্ষিত সাফল্য অর্জন সম্ভব নয়।
তিনি বলেন, সরকার জনকল্যাণে আন্তরিক। জনগণের প্রত্যাশা পূরণে আমরা দায়িত্ব পালন করছি। দেশের আবহাওয়া ও প্রাকৃতিক সম্পদকে কাজে লাগিয়ে কৃষিপণ্য রপ্তানির বিপুল সম্ভাবনা রয়েছে জানিয়ে প্রণোদনাগুলো সঠিকভাবে ব্যবহারের ওপর জোর দেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা নয়ন মিয়া, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শাহাদৎ হোসেন ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবদুল্লাহ আল আজাদীসহ অন্যরা।
এর মধ্যে ৩৫০ জন কৃষকের প্রত্যেককে এক কেজি পাট বীজ, ৫ কেজি ডিএপি, ৫ কেজি এমওপি ও ১৭০ কৃষকের প্রত্যেককে ৫ কেজি মুগ বীজ, ১০ কেজি ডিএপি ৫ কেজি এমওপি এবং ১৫০ কৃষককের প্রত্যেককে এক কেজি তিল বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার দেয়া হয়।











