ঢাকা | এপ্রিল ২, ২০২৬ - ৩:১৬ পূর্বাহ্ন

গোদাগাড়ীতে বিপুল পরিমাণ গান পাউডার উদ্ধার

  • আপডেট: Wednesday, April 1, 2026 - 9:55 pm

গোদাগাড়ী প্রতিনিধি: রাজশাহী জেলার গোদাগাড়ী থানা এলাকা থেকে বিপুল পরিমাণ ককটেল তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৫। গত মঙ্গলবার রাতে উপজেলার বিজয়নগর এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় এসব বিস্ফোরক দ্রব্য জব্দ করা হয়।

র‌্যাব-৫ এর পাঠানো এক বিশেষ প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে সিপিএসসি, র‌্যাব-৫ এর একটি চৌকস আভিযানিক দল গোদাগাড়ী থানাধীন বিজয়নগর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে একটি প্লাস্টিকের ব্যাগ পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। তল্লাশি চালিয়ে ওই ব্যাগের ভেতর থেকে ১২ কেজি ৫৮০ গ্রাম বিস্ফোরক সদৃশ গান পাউডার এবং ২ কেজি ১৪০ গ্রাম ভাঙা কাঁচের গুঁড়া উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, উদ্ধারকৃত এসব সরঞ্জাম ককটেল ও নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহারের জন্য মজুদ করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। উপস্থিত সাক্ষীদের সামনে আলামতগুলো বিধি মোতাবেক জব্দ করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে উদ্ধারকৃত আলামতসমূহ সাধারণ ডায়েরির (জিডি) মূলে রাজশাহী জেলার গোদাগাড়ী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। অপরাধী ও আইন-শৃঙ্খলা বিনষ্টকারীদের বিরুদ্ধে র‌্যাবের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।