ঢাকা | এপ্রিল ২, ২০২৬ - ৩:১৬ পূর্বাহ্ন

কমছে তালগাছ, বাড়ছে প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি

  • আপডেট: Wednesday, April 1, 2026 - 10:48 pm

চারঘাট প্রতিনিধি: গ্রাম বাংলার ঐতিহ্য, প্রকৃতির প্রাকৃতিক রক্ষাকবচ এবং বাবুই পাখির নিরাপদ আশ্রয়স্থল তালগাছ। এক সময় রাজশাহীর চারঘাটে গ্রামবাংলার মেঠোপথের দুই ধারে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকত সারিবদ্ধ তালগাছ। তাল গাছ নিয়ে রচিত হয়েছে বহু কবিতা-গান। কিন্তু দিনে দিনে হারিয়ে যাচ্ছে এই গাছটি। ফলে চরম ঝুঁকিতে পড়েছে জনপদ, বিশেষ করে আশঙ্কাজনক হারে বাড়ছে বজ্রপাতে প্রাণহানির আশঙ্কা।

সরেজমিনে চারঘাটের বিভিন্ন এলাকায় গিয়ে দেখা গেছে, পল্লী বিদ্যুতের লাইন সংস্কার এবং রাস্তা প্রশস্তকরণের নামে অসংখ্য তালগাছের মাথা ও ডালপালা কেটে ফেলা হয়েছে। গত কয়েক বছরে এভাবে ক্ষতিগ্রস্ত হয়ে মারা গেছে অনেক তাল গাছ। বন বিভাগ ও বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (ইগউঅ) লাগানো অনেক চারাগাছও এই বিনাশ থেকে রক্ষা পায়নি। স্থানীয় বাসিন্দাদের সাথে কথা হলে তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় তালগাছ পুনঃবনায়ন অত্যন্ত জরুরি। রাস্তার পাশে, পতিত জমি ও শিক্ষাপ্রতিষ্ঠান এলাকায়  তালগাছ রোপণ করা হলে প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব হবে।

চারঘাট পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম আসাদুজ্জামান এর সাথে কথা হলে তিনি বলেন, তারের চারদিকে ১০ ফুট করে ফাঁকা রাখার নিয়ম আছে। নিয়মের বাইরে থাকা গাছ গুলো কাটা পড়েছে বলে তিনি জানান। উপজেলা বরেন্দ্র উন্নয়ন প্রকল্পের সহকারী প্রকৌশলী হানিফ শিকদার বলেন, রাস্তার ধারে যে তালগাছ গুলো রোপণ করা হয়েছিল সেগুলোর মাথা বা ডালপালা কাটা হয়েছে সেটা আমার জানা নেই বলে তিনি জানান। তবে পরিবেশ সচেতন মহল মনে করছেন দ্রুত পরিকল্পিত তালগাছ রোপণ ও সংরক্ষণ কার্যক্রম শুরু না হলে ভবিষ্যতে প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি আরও ভয়াবহ রূপ নিতে পারে।