ঢাকা | মার্চ ২৮, ২০২৬ - ২:৪৯ পূর্বাহ্ন

শিরোনাম

স্বাধীনতা দিবসে জামায়াতের সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা

  • আপডেট: Friday, March 27, 2026 - 9:10 pm

স্টাফ রিপোর্টার: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর উদ্যোগে নগরীতে আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।

গত বৃহস্পতিবার বিকেলে নগরীর বাটার মোড়ে আয়োজিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগরী জামায়াতের আমির ও চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ড. মাওলানা কেরামত আলী।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মহানগরী জামায়াতের সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডল। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ও রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন রাজশাহী মহানগরীর নায়েবে আমির অ্যাডভোকেট আবু মোহাম্মদ সেলিম, ডা. মোহাম্মদ জাহাঙ্গীর, সহকারী সেক্রেটারি মাহবুবুল আহসান বুলবুল, সাংগঠনিক সম্পাদক ও কর্মপরিষদ সদস্য জসিম উদ্দিন সরকার, বাণিজ্য ও কল্যাণ সম্পাদক অধ্যাপক একে এম সারওয়ার জাহান প্রিন্স, অফিস সম্পাদক তৌহিদুর রহমান সুইট, তারবিয়াত সম্পাদক হাফেজ নুরুজ্জামান, যুব বিভাগের সেক্রেটারি সালাউদ্দিনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সভাপতির বক্তব্যে রাজশাহী মহানগরী জামায়াতের আমির ড. মাওলানা কেরামত আলী এমপি বলেন, গত জুলাইয়ের ছাত্র-জনতার গণআন্দোলনের মাধ্যমে দেশ নতুনভাবে স্বাধীনতার স্বাদ পেয়েছে। দীর্ঘ সাড়ে ১৫ বছরের দুঃশাসন থেকে মুক্ত হয়ে মানুষ এখন মুক্ত পরিবেশে কথা বলার সুযোগ পাচ্ছে। তবে পতিত সরকারের দোসর ও স্বার্থান্বেষী মহল বিদেশি শক্তির সহায়তায় এই আন্দোলনকে বিতর্কিত করতে অপচেষ্টা চালাচ্ছে বলেও তিনি অভিযোগ করেন। এ পরিস্থিতিতে দেশবাসীকে ঐক্যবদ্ধ থেকে সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানান এবং সরকারকে এ বিষয়ে কঠোর হওয়ার দাবি জানান। আলোচনা সভা শেষে একটি সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।