ঢাকা | মার্চ ২৮, ২০২৬ - ৩:০০ পূর্বাহ্ন

শিরোনাম

গোদাগাড়ীতে ওরাওঁ জনজাতির ঐতিহ্যবাহী সারহুল উৎসব

  • আপডেট: Friday, March 27, 2026 - 9:45 pm

স্টাফ রিপোর্টার: “হামনিকের সংস্কৃতি হামনিকের পরিচয়” এই শ্লোগানকে সামনে রেখে ওরাওঁ জনজাতির ঐতিহ্যবাহী সারহুল উৎসব পালিত হয়েছে।

শুক্রবার দিনব্যাপী সিসিবিভিও’র সহায়তায় এবং ফার্সাপাড়া রক্ষাগোলা গ্রাম সমাজ সংগঠন ও বাংলাদেশ ওরাওঁ কালচার ফোরামের আয়োজনে রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার ফার্সাপাড়া গ্রামে এ উৎসবের আয়োজন করা হয়। সারহুল মূলত উরাও জনজাতির বর্ষবরণ উৎসব, এই উৎসবে গ্রামবাসীরা পূজা করেন এবং এই দিনে চাষ করা নিষিদ্ধ। এই উৎসবের একদিন আগে গ্রামবাসীরা উপবাস করেন। তরুণ-তরুণীরা পাশের বন থেকে শাল ফুল সংগ্রহ, কাঁকড়া ও মাছ ধরে থাকেন। উৎসব উপলক্ষে গ্রামবাসী ঢোল, নাগারা ও মাদল বাজাতে বাজাতে অর্চনা করেন ও শাল গাছের পূজা করেন।

শালাই বা শাল গাছের ফুলকে দেবতাদের নিবেদন করা হয়। গ্রামের পুরোহিত-পূজারীরা বর্ষবরণের এই উপলক্ষে গ্রামের সৌভাগ্যের জন্য শাল ফুল, ফল, সিঁদুর, তিনটি মোরগ এবং তপন গ্রাম দেবতাকে বলি দেন। জলের পাত্র রেখে এবং পরের দিন পরের বছরের আবহাওয়ার পূর্বাভাস দেয়া দেন। গ্রামবাসীদের মধ্যে শাল গাছের ফুল বিতরণ করা হয়। গ্রামবাসী তাদের বাড়িতে তাদের পূর্বপুরুষদের আত্মার পূজা করেন এবং তাদের বিভিন্ন খাবার দেন। তাদের পূর্বপুরুষদের আত্মাকে খাবার নিবেদন করার পরই তারা খাবার খান।

তারপর গান, ঢোল, নাগারা ও মান্দার তালে গ্রামবাসীরা উৎসবে মেতে উঠেন। সারহুল উৎসবটি পাশ্ববর্তী ভারতে ওরাওঁ’রা জাঁকমকপূর্ণভাবে পালন করলেও বাংলাদেশে এই বর্ষবরণ উৎসবটি প্রায় হারিয়ে গিয়েছিল। ২০২৪ সালে সিসিবিভি’ও সহায়তায় বাংলাদেশ ওরাওঁ কালচার ফোরাম নওগাঁ জেলায় প্রথম পালন করে এবং তার ধারাবাহিকতায় সংগঠনটির উদ্যোগে উৎসবটি এই বছর গোদাগাড়ীতে উপজেলায় পালিত হচ্ছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ওরাওঁ কালচারাল ফোরামের সভাপতি রনি কান্ত তির্কী। প্রধান অতিথি ছিলেন রক্ষাগোলা মডেলের গবেষক ও সিসিবিভিওর নির্বাহী প্রধান বীর মুক্তিযোদ্ধা সারওয়ার-ই-কামাল স্বপন।

প্রধান আলোচক ছিলেন রক্ষাগোলা সমন্বয় কমিটির নেতা মহৎ এক্কা। এছাড়াও অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক ও সিসিবিভিও’র সভাপতি প্রফেসর আবদুস সালাম, কারিতাস-রাজশাহীর আঞ্চলিক পরিচালক ড. আরোক টপ্য, ফার্সাপাড়া রক্ষাগোলা গ্রাম সমাজ সংগঠনের মোড়ল সরল এক্কা, রক্ষাগোলা সমন্বয় কমিটির সভাপতি সুধীর সরেন, বাংলাদেশ ওরাওঁ কালচার ফোরামের কেন্দ্রীয় নেতা কাঞ্চন সিং ওরাওঁ, বাংলাদেশ ওরাওঁ কালচার ফোরামের উপদেষ্টা নিশি কান্ত তির্কী, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাড. প্রভাত টুডু এবং ৩নং দেওপাড়া ইউপি সদস্য প্রদীপ এক্কা।