ঢাকা | মার্চ ২৫, ২০২৬ - ৩:৩৫ পূর্বাহ্ন

শিরোনাম

লালপুরে বালুবাহী ট্রাকের চাপায় তিন কৃষি শ্রমিক নিহত

  • আপডেট: Wednesday, March 25, 2026 - 1:01 am

লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে বালুবাহী ট্রাকের চাপায় তিনজন কৃষি শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৪জন গুরুতর আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সকাল পৌনে সাতটার সময় ঈশ্বরদী-লালপুর আঞ্চলিক মহাসড়কের উপজেলার নবীনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- লালপুর উপজেলার ভেল্লাবাড়িয়া এলাকার মৃত জোয়াকুল ইসলাম জোহা মাস্টারের ছেলে জাহিদুল ইসলাম (৫০), বড়বাদকয়া গ্রামের সেকেন্দার আলীর ছেলে মনির (২৭) এবং ছোট বাদকয়া গ্রামের ফজলুর ছেলে বাবুল (৪০)।

আহতরা হলেন- ভেল্লাবাড়িয়া এলাকার ফজলুর রহমানের ছেলে রাজিবুল ইসলাম (২৬), সিদ্দিক আলীর ছেলে রাব্বি (২৫), রামকৃষ্ণপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে মজনু (৩৫) এবং বড়বাদকয়া গ্রামের আজিতের ছেলে মিঠুন (৩০)।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল পৌনে সাতটার দিকে নবীনগর এলাকায় একটি বালুবাহী ট্রাক (বগুড়া-ড ১১-০৯-৩৪) নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারি চালিত একটি অটোরিকশাকে চাপা দিয়ে একটি বাড়ির পাকা দেয়াল ভেঙে ঘরের মধ্যে ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলেই জাহিদুল ইসলামের মৃত্যু হয়।

পরে স্থানীয়রা গুরুতর আহত ছয়জনকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে পাঁচজনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে পথিমধ্যে চারঘাট এলাকায় মনিরের মৃত্যু হয় এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পৌছার পর বাবুলের মৃত্যু হয়।

লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক কাউসার জানান, আহতদের মধ্যে পাঁচজনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে পথিমধ্যে মনির ও মেডিকেলে পৌছার পর বাবুলের মৃত্যু হয়েছে এবং রাজিবুল ইসলাম বর্তমানে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

আহত রাজিবুল ইসলাম জানান, তারা পেঁয়াজ তোলার কাজে একটি অটোরিকশা ভাড়া করে ফরিদপুর এলাকায় যাচ্ছিলেন। পথিমধ্যে নবীনগর এলাকায় পৌঁছালে একটি বালু বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলে জাহিদুল ইসলামের মৃত্যু হয় এবং রাজশাহী নেওয়ার পথে মনির ও হাসপাতালে পৌছার পর বাবুলের মৃত্যু হয়েছে।

লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মজিবর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনায় জড়িত ট্রাকটি আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।