শিবগঞ্জে সালিশ বৈঠকে অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগ
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সালিশ বৈঠককে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ, অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণ ও বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। কয়েকটি বসতবাড়িতে লুটপাটেরও অভিযোগ উঠেছে।
গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার কুথলিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয়রা জানায়, দীর্ঘদিনের বিরোধের জেরে সালিশ বৈঠক ডাকা হয়। বৈঠক চলাকালে রাণীহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রহমত আলীর সমর্থক ও স্থানীয় সাবেক মেম্বার চান্দুর লোকজনের মধ্যে কথা কাটাকাটি থেকে উত্তেজনা সৃষ্টি হয়ে রূপ নেয় সংঘর্ষে।
এ সময় উভয় পক্ষ একে অপরকে লক্ষ্য করে অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। আতঙ্কে সাধারণ মানুষ নিরাপদ স্থানে আশ্রয় নেয়। এ ঘটনায় মোজাফফর নামে এক ব্যক্তি আহত হয়েছেন। এ বিষয়ে রাণীহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রহমত আলীর সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলে ফোন রিসিভ না করায় তার মন্তব্য মেলেনি।
চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান পুলিশ সুপার।










