তানোরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী যুবকের লাশ আনতে ৬ লাখ টাকা দাবি
তানোর প্রতিনিধি: রাজশাহীর তানোরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর এক যুবকের বিদেশে মৃত্যু হয়েছে। নিহতের লাশ দেশে আনতে ৬ লাখ টাকা দাবি করায় গতকাল মঙ্গলবার দুপুরে আদম ব্যাপারীর বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করেছে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সম্প্রদায়ের শত শত নারী পুরুষ।
ওই যুবককে বিদেশে পাঠাতে আদম ব্যাপারীর খপ্পরে পড়ে ওই ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারটি নিঃস্ব হয়ে পথে বসেছে। ঘটনাটি ঘটেছে রাজশাহীর তানোর উপজেলার বাধাইড় ইউপির জুমারপাড়া গ্রামে। এ ঘটনায় এলাকাবাসীর মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।
নিহতের পরিবার ও গ্রামবাসীর সাথে কথা বলে জানা গেছে, তানোর উপজেলার বাধাইড় ইউনিয়নের (ইউপি) জুমার পাড়া গ্রামের মৃত ভূগোল আলীর পুত্র আদম ব্যবসায়ী তসিকুল ইসলাম গত ৬ আগে একই গ্রামের আদিবাসী পল্লীর ভুষেন মুরারীর পুত্র রতন মুরারী (২৫) কে বিদেশে (লাওস) দেশের একটি কোম্পানির মার্কেটিং পদে উচ্চ বেতনে চাকরির প্রলোভন দেখিয়ে ৪ লাখ টকায় লাওস নামের বিদেশে পাঠায়। কিন্তু সেখানে যাওয়ার পর রতনের কোনো চাকরি বা কাজ হয়নি। দীর্ঘদিন যাবত সে বিদেশে পালিয়ে বেড়ায়।
এমতাবস্থায় থাকা ও খাবার অভাবে সে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। রতনের পরিবার তাকে দেশে ফেরত আনার জন্য তসিকুলকে বললে তসিকুল আবারো তিন লাখ টাকা দাবি করেন।
এ অবস্থায় গত রোববার রতন মুরারী চিকিৎসার অভাবে লাওসে মারা যায়। এ খবর জানার পর রতনের পরিবার তার লাশ দেশে আনার জন্য তসিকুলের কাছে গেলে তসিকুল লাশ আনার জন্য ৬ লাখ টাকা দাবি করেন।
গতকাল মঙ্গলবার দুপুরে রতনের লাশ দেশে নিয়ে আশার দাবিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শত শত নারী-পুরুষ তসিকুলের বাড়ি ঘেরাও করেন। কিন্তু তার আগেই তসিকুল বাড়ি থেকে পালিয়ে যায়।
জুমারপাড়া গ্রামের লেলিন, হানিফ ও রুস্তমসহ একাধিক ব্যক্তি বলেন, তসিকুলের খপ্পরে পড়ে অনেক মানুষ নিঃস্ব হয়েছে। তারা বলেন,গত এক সপ্তাহ আগেও দিঘীপাড়া গ্রােেমর তিনজন বিদেশে কোনো কাজ না পেয়ে বিদেশ থেকে ফেরত এসেছে। অথচ তসিকুল তাদের ভালো কোম্পানিতে কাজের কথা বলে বিদেশ পাঠিয়েছিলেন।
রতনের পিতা ভুষেন মুরারী বলেন, তসিকুল প্রতারণা করে তার পুত্রকে বিদেশ পাঠিয়েছে, কোনো কাজ না পেয়ে থাকা ও খাবারের অভাবে তার পুত্র অসুস্থ হয়ে মারা গেছে। তিনি বলেন, এখন লাশ দেশে আনার জন্য তাদের কাছে ৬ লাখ টাকা দাবি করছে তসিকুল। তিনি পুত্রের লাশ ফেরত ও তসিকুলের শাস্তির দাবি জানিয়েছেন।
এ বিষয়ে মোবাইল ফোনে জানতে চাইলে তসিকুল ইসলাম এসব অভিযোগ অস্বীকার করে বলেন, বিদেশে রতন মুরারীর স্বাভাবিক মৃত্যু হয়েছে। তিনি বলেন, সকলের সঙ্গে আলোচনা করে লাশ দেশে আনার ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি। তবে, অনাকাক্সিক্ষত ঘটনা এড়াতে তিনি বাড়ি থেকে অন্যত্র রয়েছেন বলেও জানান তিনি। তবে, এ বিষয়ে থানায় কোন অভিযোগ করা হয়নি।











