ঢাকা | মার্চ ২৪, ২০২৬ - ৬:৫৬ পূর্বাহ্ন

আমাকে ভালো খাওয়ালে নয়, দলীয় মূল্যায়ন হবে কাজের ভিত্তিতে

  • আপডেট: Tuesday, March 24, 2026 - 1:00 am

স্টাফ রিপোর্টার: রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন বলেছেন, “আমার বাড়িতে যাবেন, আমার সঙ্গে দেখা করবেন, যোগাযোগ ভালো রাখবেন, আমাকে কিছু ভালো খাওয়াবেন- এগুলো দিয়ে কিচ্ছু হবে না! মাঠ কথা বলবে।”

এসময় তিনি আগামী স্থানীয় সরকার নির্বাচনে মনোনয়ন পেতে হলে ত্যাগ ও জনসম্পৃক্ততার রাজনীতি করতে হবে বলেও উল্লেখ করেন।

গত রোববার (২২ মার্চ) বিকালে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মোহনপুরে বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এমপি মিলন বলেন, “নির্বাচনে মনোনয়ন পেতে কাউকে খুশি করার জন্য ভালো-মন্দ খাওয়ানো বা দামি উপহার দেওয়ার দিন শেষ। এখন সাধারণ মানুষের কাছে গিয়ে তাদের সমস্যা শুনতে হবে এবং সমাধানে কাজ করতে হবে।”

তিনি আরও বলেন, “এলাকায় না থেকে, মানুষের বিপদে পাশে না থেকে কেউ যদি মনোনয়ন আশা করেন, তাহলে সেই স্বপ্ন ভুলে যেতে হবে। আগামী কুরবানির ঈদেই বোঝা যাবে, কে এলাকায় কতটা কাজ করেছেন তার ভিত্তিতেই দলীয় ভাবে মনোনয়ন দেওয়া হবে।”

এ সময় তিনি ইউনিয়ন পর্যায়ে ৯০ দিনের কর্মসূচি গ্রহণের কথাও জানান। তিনি বলেন, “এলাকাভিত্তিক সমস্যাগুলো চিহ্নিত করে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে। প্রতি শুক্রবার ও শনিবার এসব কার্যক্রম পরিচালিত হবে। আমরা যেসব ইউনিয়নে যাব, সেখানে স্থানীয় নেতা-কর্মী ও মুরব্বিদের সঙ্গে নিয়ে তাদের পরামর্শ অনুযায়ী কাজ করা হবে।”

মোহনপুর উপজেলা বিএনপির সভাপতি শামিমুল ইসলাম মুনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব আর রশিদ, সাংগঠনিক সম্পাদক বাচ্চু রহমান, বিএনপি নেতা আব্দুল কাদের মোল্লা, ধূরইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যাপক কাজিম উদ্দিন, কৃষকদলের আহবায়ক গোলাম মোস্তফা বাবলু, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাহাঙ্গীর আলম, শ্রমিক দলের আহবায়ক মোজাম্মেল হকসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।