ঢাকা | মার্চ ২৩, ২০২৬ - ১:২৭ পূর্বাহ্ন

বাঘায় ঈদের দিন ছাত্রদল নেতাকে ছুরিকাঘাত

  • আপডেট: Sunday, March 22, 2026 - 8:50 pm

বাঘা প্রতিনিধি: রাজশাহীর বাঘায় ঈদুল ফিতরের দিন এক ছাত্রদল নেতা ছুরিকাঘাতে আহত হয়েছেন।

শনিবার (২১ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বাউসা ইউনিয়নের মাঝপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

আহত রিদুয়ান আহমেদ রানা (১৮) বাউসা ভোকেশনাল অ্যান্ড বিএম কলেজ শাখা ছাত্রদলের সভাপতি। তিনি একই গ্রামের জাহাঙ্গীর আলম মুন্টু মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রিদুয়ান মাঝপাড়া মোড়ে বসে থাকার সময় একই গ্রামের সাঈদ হোসেন (১৯) এসে বিনা কারণে তর্কে জড়িয়ে পড়েন।

একপর্যায়ে সাঈদ উত্তেজিত হয়ে রিদুয়ানের ঘাড়ে ও হাতে ছুরিকাঘাত করেন।

আহত রিদুয়ানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অভিযুক্ত সাঈদ হোসেন মাঝপাড়া গ্রামের সাজেদুর রহমানের ছেলে।

এ ঘটনায় আহতের বাবা জাহাঙ্গীর আলম মুন্টু মিয়া বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

বাঘা থানার তদন্ত পরিদর্শক সুপ্রভাত মণ্ডল জানান, অভিযুক্ত সাঈদ হোসেনকে গ্রেফতার করে থানায় আনা হয়েছে।