ঢাকা | মার্চ ২২, ২০২৬ - ১:৩১ পূর্বাহ্ন

তানোরে টিভি নেটওয়ার্কের যন্ত্রাংশ ভাঙচুর, কয়েক জেলায় সম্প্রচার বন্ধ

  • আপডেট: Saturday, March 21, 2026 - 10:00 pm

তানোর প্রতিনিধি: রাজশাহীর তানোরে ঈদের নামাজের সময় বরেন্দ্র ক্যাবল টিভি নেটওয়ার্কের অফিসের তালা ভেঙ্গে কন্ট্রোল রুমের কোটি টাকার বিভিন্ন যন্ত্রাংশ ভাঙচুর করার সময় হাতে নাতে ১ যুবককে আটক করা হয়েছে।

আটককৃত যুবকের নাম হাসান আলী (২৫)। সে তানোর কুঠি পাড়া গ্রামের খাজেম আলীর পুত্র।

শনিবার (২১মার্চ) সকালে সবাই যখন পবিত্র ঈদুল ফিতর উদযাপনে ঈদের নামাজ আদায়ে ব্যস্ত ছিলেন, ঠিক ওই সময়ে ওই যুবক তানোর সদরের কুঠি পাড়া সড়কের ধারের বরেন্দ্র ভবনের মেইন গেটের তালা ভেঙ্গে প্রবেশ করে ৪র্থ তলার ক্যাবল টিভির সম্প্রচারের কন্ট্রোল রুমের তালা ও গ্লাসের গেটের তালাসহ গেট ভেঙ্গে বিভিন্ন যন্ত্রাংশ ব্যাপক ভাবে ভাংচুর করে।

উল্লেখ্য, বরেন্দ্র ক্যাবল টিভি নেটওয়ার্কের আওতায় রাজশাহীর তানোর, মোহনপুর, গোদাগাড়ীসহ নওগার মান্দা ও নিয়ামতপুর ও চাপাই নবাবগঞ্জের নাচোলসহ আশপাশের বিভিন্ন এলাকায় প্রায় ৬০ হাজার গ্রাহককে এই কন্ট্রোল রুম থেকে সার্ভিস দেয়া হয়। ঘটনার পর থেকে সম্প্রচার বন্ধ হয়ে যাওয়ায় এসব এলাকার গ্রাহকরা ক্যাবল টিভি দেখতে পাচ্ছেন না।

এর আগে ওই যুবক বিভিন্ন সার্ভার, এসি, বিভিন্ন ডিভাইস, ভাংচুর করে ছাদে উঠে ডিসের ছাতা ও এসির মেশিনসহ পানির ট্যাংকি ভাংচুর করতে থাকে। এসময় ঈদের নামাজ শেষে বাড়ি ফেরার সময় মুসল্লীসহ এলাকাবাসী এমন দৃশ্য দেখে এর মালিক মিজানসহ পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেন।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ওই যুবককে নিচে নামতে বলে। এসময় ওই যুবক সবাইকে হাসুয়া দেখিয়ে বিভিন্ন প্রকার ভয়ভীতিসহ হুমকি দিতে থাকে এবং উপর থেকে ইট ফেলতে থাকে। (তবে, ওই যুবক একটি করে গেটের তালা ভেঙ্গে ভেতর থেকে লাগিয়ে দিয়ে উপরে উঠেছে যেন কেউ ভেতরে প্রবেশ করতে না পারে)। এসময় বিকল্প পথে ওই ভবনে প্রবেশ করে ওই যুবককে আটকের সময় হাসুয়া দিয়ে একজনকে কোপ দেয়।

এক পর্যায়ে ওই যুবককে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। ওই যুবককে আটককারী ক্যাবলের কর্মী জাকির হোসেন বলেন, ওই যুবককে আটকের সময় তার চেহারা ছিলো আক্রমনাত্মক। আটকের সময় ভাংচুর জন্য ওই যুবককে তার চাচা জালাল উদ্দীন ২০ হাজার টাকা দিয়ে এমন ভাংচুর করতে বলেছেন জানিয়ে ওই যুবক মারপিট করতে নিষেধ করছিলেন বলেও জানান তিনি।

এ ব্যাপারে বরেন্দ্র টিভি কেবলের স্বত্বাধিকারী তানোর পৌর সভার সাবেক মেয়র ও রাজশাহী জেলা বিএনপির সদস্য মিজানুর রহমান মিজান বলেন, ঈদ উদযাপনের জন্য অফিসে কেউ ছিলোনা। খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখি সে আমার অফিসে তান্ডব চালাচ্ছে। এসময় পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীসহ স্থানীয়রা তাকে আটক করার সময় আমার এক কর্মচারীকে কুপিয়ে আহত করেছে।

তিনি বলেন, আমাকে অর্থনৈতিক ভাবে দুর্বল করার জন্য পরিকল্পিত ভাবে যুবক হাসানকে দিয়ে এই হামলা ও ভাংচুর করানো হয়েছে। সুষ্ঠু তদন্ত সাপেক্ষে এ ঘটনার সাথে করা কারা জড়িত তাদের গ্রেপ্তারের জন্য প্রশাসনের প্রতি আহবান জানিয়েছেন তিনি। এই ভাংচুরে তার কোটি টাকার ক্ষতি হয়েছে বলেও জানান তিনি। পুনরায় ডিস লাইন চালু করতে কতদিন লাগবে তা জানাতে পারেননি তিনি।

তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মাসুদ পারভেজ বলেন, এঘটনার সময় হাতে নাতে ওক যুবককে আটক করা হয়েছে। আটক যুবককে পুলিশ পাহারায় তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে এবং ঘটনায় ইন্ধন দাতাদের সনাক্তের চেষ্টা চলছে। ঘটনাস্থল পরিদর্শন ও আলামত জব্দ করা হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতিও চলছে বলেও জানান তিনি।