ঢাকা | মার্চ ২১, ২০২৬ - ২:১৩ পূর্বাহ্ন

রাজশাহীতে ঈদের প্রধান জামাত কখন ও কোথায়

  • আপডেট: Saturday, March 21, 2026 - 12:51 am

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে হজরত শাহ মখদুম রুপোশ (র.) কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল ৮টায়।

বরাবরের মতো এবারও হজরত শাহ মখদুম রুপোশ (র.) কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে।

তবে ঈদের দিন আবহাওয়া অনুকূলে না থাকলে একই সময়ে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে হজরত শাহ মখদুম রুপোশ (র.) দরগা মসজিদে।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শনিবার অনুষ্ঠিত জেলা প্রশাসনের প্রস্তুতি সভায় এই সিদ্ধান্ত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহা. সবুর আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

জেলা প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী ঈদের প্রধান জামাতের জন্য ইতোমধ্যে প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ঈদের দিন নামাজের আগে/পরে মুসল্লিদের সঙ্গে সেখানে শুভেচ্ছা বিনিময় করবেন ভূমিমন্ত্রী রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য মিজানুর রহমান মিনু, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন ও বিভাগীয় কমিশনার ড. আ ন ম বজলুর রশীদ।

জেলা পর্যায়ের সময়সূচির সঙ্গে সামঞ্জস্য রেখে ঈদুল ফিতর উদযাপনের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) নির্দেশনা দেওয়া হয়েছে।

রাজশাহীর অন্য ঈদগাহগুলোতে সকাল সাড়ে ৭টা থেকে সাড়ে ৮টার মধ্যেই ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হবে।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে হযরত শাহ মখদুম রুপোশ (রহ.) কেন্দ্রীয় ঈদগাহের ঈদের নামাজ আয়োজনের প্রস্তুতি পরিদর্শন করেছেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন।

মঙ্গলবার দুপুর ২টায় হযরত শাহ মখদুম রুপোশ (রহ.) ঈদগাহ পরিদর্শনে যান রাসিক প্রশাসক।

এ সময় তিনি পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায়ের সার্বিক প্রস্তুতি ও ব্যবস্থাপনার খোঁজখবর নেন।

এরপর রাসিক প্রশাসক টিকাপাড়া ঈদগাহও পরিদর্শন করেন তিনি। এছাড়া রাজশাহী সিটি করপোরেশনের এ্যাসফল্ট প্লান্ট পরিদর্শন করেন তিনি।

পরিদর্শনকালে রাজশাহী সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহমদ আল মঈন, নির্বাহী প্রকৌশলী সুব্রত কুমার সরকার, নির্বাহী প্রকৌশলী নিলুফার ইয়াসমিন, নির্বাহী প্রকৌশলী এবিএম আসাদুজ্জামান সুইট, সহকারী প্রকৌশলী (যান্ত্রিক) মো. শাহেদুজ্জামান জীবন প্রমুখ উপস্থিত ছিলেন।