ঢাকা | এপ্রিল ১০, ২০২৬ - ১২:০১ অপরাহ্ন

রাজশাহীর পদ্মার তীর থেকে পরিত্যক্ত বিদেশি রিভলভার-কার্তুজ উদ্ধার

  • আপডেট: Friday, March 20, 2026 - 12:00 am

স্টাফ রিপোর্টার: রাজশাহীর চারঘাট উপজেলায় পদ্মা নদীর তীর থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি রিভলভার ও দুটি কার্তুজ উদ্ধার করেছে র‌্যাব।

র‌্যাব-৫ এর রাজশাহী সদর কোম্পানির একটি দল বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার রাওথা বালুরঘাট এলাকায় এ অভিযান চালায়।

বৃহস্পতিবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব এ তথ্য জানিয়েছে। র‌্যাব জানায়, আশপাশের স্থানীয় লোকজন এই অস্ত্র ও কার্তুজের প্রকৃত মালিক সম্পর্কে কোনো তথ্য দিতে পারেননি। ফলে এসব অস্ত্র কারা সেখানে রেখে গেছে বা এর সঙ্গে কারা জড়িত তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

তবে র‌্যাবের প্রাথমিক ধারণা, আসন্ন ঈদকে কেন্দ্র করে দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে কোনো সন্ত্রাসী চক্র পার্শ্ববর্তী দেশ ভারত থেকে অস্ত্র সংগ্রহ করে আনার সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে সেগুলো ফেলে পালিয়ে যেতে পারে।

উদ্ধারকৃত রিভলভার ও কার্তুজ জিডিমূলে চারঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। একই সঙ্গে এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে র‌্যাবের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানিয়েছে র‌্যাব।