শপিং ব্যাগের কারখানায় ভাগ্য বদল বাঁধনের
মোজাম্মেল হক, চারঘাট থেকে: রাজশাহীর চারঘাট পৌরসভার গোপালপুর গ্রামের বাসিন্দা আজিজুল হক (৬০) এর ছেলে গোলাম মাওলা বাঁধন করোনাকালীন অবসর সময়ে ইউটিউব দেখে নিজ উদ্যোগে গড়ে তুলেছেন ঐক্য ব্যাগ ইন্ডাস্ট্রিজ শপিং ব্যাগের কারখানা। এতে একদিকে যেমন স্থানীয় অর্থনীতি শক্তিশালী হবে, অন্যদিকে বহু মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
সরেজমিনে গতকাল বুধবার দুপুরে ব্যাগের কারখানা গিয়ে দেখা গেছে, ঈদকে সামনে রেখে বাজারে ব্যাগের চাহিদা কয়েকগুণ বৃদ্ধি পাওয়ায় স্থানীয় কারিগররা দিন-রাত কাজ করে অর্ডার সরবরাহে ব্যস্ত সময় পার করছেন। এসব ব্যাগ চারঘাটের স্থানীয় বাজার ছাড়াও বাঘা, লালপুর, নাটোরসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হচ্ছে।
স্থানীয় কারিগরদের সঙ্গে কথা বলে জানা যায়, ঈদকে সামনে রেখে গত কয়েক সপ্তাহ ধরেই ব্যাগ তৈরির কাজ বেড়ে গেছে। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত কাজ করছেন কারিগররা। যাতে নির্ধারিত সময়ে অর্ডার ডেলিভারি দেয়া যায়। এতে আয়ও কিছুটা বাড়ছে, যা ঈদের খরচ মেটাতে সহায়তা করছে। তারা আরও বলেন, বছরের অন্যান্য সময়ের তুলনায় ঈদের মৌসুমে ব্যবসা অনেক ভালো হয়। এই সময়ের আয় দিয়েই অনেক কারিগর পরিবার চালান এবং ঈদের প্রস্তুতি নেন।
এ বিষয়ে ঐক্য ব্যাগ ইন্ডাস্ট্রিজের মালিক গোলাম মাওলা বাঁধনের কথা হলে তিনি বলেন, করোনাকালীন অবসর সময়ে মোবাইলে ইউটিউব দেখে ব্যাগ বানানোর প্রস্তুতি গ্রহণ করি। এরপর কয়েকজন কর্মচারী নিয়ে ছোট পরিসরে কাজ শুরু করি। পর্যায় ক্রমে আস্তে আস্তে বৃদ্ধি লাভ করি। আমার এখানে বর্তমানে পুরুষ ও মহিলা কর্মচারীরা ব্যাগ তৈরির কাজ করছে। তবে পবিত্র ঈদ উপলক্ষে কর্মচারীদের কর্ম ব্যস্ততা বেড়ে গেছে। আগামীতে আরও বড় পরিসরে বৃদ্ধি পাবে বলে জানান বাঁধন।











