ঢাকা | মার্চ ১২, ২০২৬ - ১২:৫৯ পূর্বাহ্ন

দুর্গাপুরে চেয়ারম্যানকে মেরে ভিজিএফ কার্ডের তালিকা ছিনতাইয়ের অভিযোগ

  • আপডেট: Wednesday, March 11, 2026 - 10:23 pm

দুর্গাপুর প্রতিনিধি: রাজশাহীর দুর্গাপুরে ঈদুল ফিতর উপলক্ষে দরিদ্র-অসহায়দের জন্য চালের কার্ডের তালিকাতে নিজের লোকদের নাম তোলাকে কেন্দ্র করে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে নওপাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজাদ আলী সরদারকে মারপিট করে মোটরসাইকেল, নগদ টাকা ও কার্ডের তালিকাসহ কাগজপত্র কেড়ে নেয়ার অভিযোগ উঠেছে।

বুধবার দুপুরে উপজেলার শ্যামপুর গ্রামের বৌ-বাজার সড়কের ওপর এ ঘটনা ঘটে। চেয়ারম্যান আজাদ আলীকে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা দেয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দুর্গাপুর উপজেলায় বিশেষ ভিজিএফ কর্মসূচির আওতায় গরিব, দুস্থ ও হতদরিদ্রদের মাঝে জনপ্রতি ১০ কেজি করে চাল বিতরণ করার কর্মসূচি রয়েছে। এ জন্য ইউনিয়নে কার্ডের তালিকা প্রস্তুত করে উপজেলায় জমা দিতে যাচ্ছিলেন চেয়ারম্যান আজাদ আলী সরদার।

অভিযোগ রয়েছে, এ সময় স্থানীয় বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্য রেজাউল করিম, আফাজ উদ্দিন এবং ছাত্রদল নেতা বিপ্লব হোসেনসহ ১০-১৫ জন নেতাকর্মী তাদের পছন্দের ব্যক্তিদের নামে ২৪০টি ভিজিএফ কার্ড দেয়ার জন্য চেয়ারম্যানের ওপর চাপ প্রয়োগ করেন। বিএনপি নেতাকর্মীরা পথরোধ করে কার্ডের তালিকা জমা দেয়ার আগে তাদের দেওয়া নামগুলো তালিকায় তোলার জন্য বলেন। চেয়ারম্যান তাদের দাবি মেনে নিতে অস্বীকৃতি জানালে তারা তার ওপর হামলা চালায়। মোটরসাইকেল থেকে নামিয়ে কিল-ঘুষি ও চড়-থাপ্পড় দিয়ে মাটিতে ফেলে দেয়া হয়।

আজাদ আলী অভিযোগে বলেন, হামলাকারীরা চেয়ারম্যানকে মারধরের পর তার মোটরসাইকেলটি কেড়ে নিয়ে পুকুরে ফেলে দেন। পরে তার ব্যাগে থাকা ভিজিএফ কার্ডের তালিকা, কাগজপত্র, ব্যাংকের চেক ও নগদ প্রায় ৪৯ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায় হামলাকারীরা।

আহত চেয়ারম্যান বলেন, আমি পরিষদ থেকে ভিজিএফের তালিকা নিয়ে দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসে জমা দিতে যাচ্ছিলাম। পথে আমাকে থামিয়ে আফাজ উদ্দিন, সাবেক মেম্বার রেজাউল করিম ও ছাত্রদল নেতা বিপ্লব হোসেনসহ ১০-১৫ জন আমার ওপর হামলা চালায় এবং কাগজপত্র ও টাকা ছিনিয়ে নেয়। আমার মোটরসাইকেলটিও পুকুরে ফেলে দেয়। এটা একটি পরিকল্পিত সন্ত্রাসী কাজ।

এ বিষয়ে জানতে অভিযুক্তদের মোবাইল নম্বরে যোগাযোগের চেষ্টা করা হলে তা বন্ধ পাওয়া যায়। দুর্গাপুর থানার ওসি শফিকুল ইসলাম বলেন, ঘটনার বিষয়ে ইউপি চেয়ারম্যান থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। দ্রুত এ বিষয়ে আইনি পদক্ষেপ নেয়া হবে।