নগরীতে দুর্ঘটনায় আহত মেডিকেল শিক্ষার্থী শর্মিলার ইন্তেকাল
স্টাফ রিপোর্টার: মহানগরীর ১নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শামীম রেজার ডাক্তারি পড়ুয়া কন্যা আনিকা শার্মিলা ইন্তেকাল করেছেন (ইন্না—-রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ২০বছর। শর্মিলা ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতাল রাজশাহীর দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
তিনি ৩ মার্চ মঙ্গলবার ক্লাস শেষ করে রিকশাযোগে কাশিয়াডাঙ্গা নিজ বাড়ি ফেরার পথে মোল্লাপাড়াস্থ ক্ষুদ্র নৃগোষ্ঠির কালচারাল একাডেমির সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে ট্রাক এসে তাকে সজোরে ধাক্কা মারে। সাথে সাথে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে তার অবস্থা খারাপ হলে পরের দিন হেলিকপ্টারে তাকে ঢাকায় নিয়ে আগারগাঁয়ের জাতীয় নিউরোসায়েন্স হাসপাতালে ভর্তি করেন। সেখানে তার চিকিৎসা চলছিলো। গত মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে তিনি চলে যান না ফেরার দেশে। তাঁর মৃত্যুতে নিজ বাড়িসহ এলাকায় চলছে শোকের মাতম।
বুধবার বাদ যোহর কাশিয়াডাঙ্গা কলেজ মাঠে মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজা শেষে তাকে কাশিয়াডাঙ্গা সিটিগেট গোরস্থানে দাফন করা হয়। জানাজায় উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপির সাবেক সভাপতি ও রাসিক সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, মতিহার থানা বিএনপির সাবেক সভাপতি আনসার আলী, রাজপাড়া থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলী হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী নায়েবী আমির ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর, রাজশাহী মহানগর বিএনপির সহ-সভাপতি আসলাম সরকার, ওয়ালিউল হক রানা, আবুল কালাম আজাদ সুইট ও মুক্তার হোসেন, পবা উপজেলা বিএনপির সদস্য সচিব সহকারী অধ্যাপক আব্দুর রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক সুলতান আহমেদ ও আব্দুল মান্নাফ মুন্নাফ।











