ঢাকা | মার্চ ১০, ২০২৬ - ৩:১৭ পূর্বাহ্ন

শিবগঞ্জে পরকীয়া সালিশে দুই পক্ষের মারামারিতে নিহত ১

  • আপডেট: Tuesday, March 10, 2026 - 12:15 am

চাঁপাইনবাবগঞ্জ ব্যুরো: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরকীয়া সম্পর্কিত ঘটনায় একটি সালিশকে কেন্দ্র করে দুই পক্ষের মারমারিতে আনিসুর রহমান (৬৫) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে আরও চারজন। আহতদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে।

গত রোববার রাত ১১টার দিকে জেলার শিবগঞ্জ উপজেলার পৌর এলাকার কোর্ট বাজারে এ ঘটনা ঘটে। শিবগঞ্জ থানার ওসি হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত আনিসুর রহমান শিবগঞ্জ পৌর এলাকার সেলিনাবাদ দেওয়ান জাইগীর গ্রামের মৃত জাফর আলী মিস্ত্রির ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত আনিসুর রহমানের ছেলে আব্দুল আওয়ালের সঙ্গে স্থানীয় এক নারীর (কেতাবুল আলীর মেয়ে সাহিদা খাতুন) পরকীয়া সম্পর্ক ছিল। বিষয়টি জানাজানি হলে উভয়ের অভিভাবক ও স্থানীয়রা একাধিকবার সালিশে বসেন। রোববার রাতেও সালিশে বসেছিলেন দুই পক্ষ। কিন্তু বিষয়টি নিস্পত্তি না হওয়ায় আনিসুর রহমান ও তার সঙ্গে আসা লোকজন বাড়ি ফিরছিলেন।

এ সময় ওই নারীর পরিবারের সদস্যরা তাদের ওপর লাঠিসোটা নিয়ে হামলা করে। এতে আনিসুর রহমান ও তার লোকজনও প্রতিহতের চেষ্টা করলে উভয়পক্ষ মারামারিতে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে লাঠির আঘাতে আনিসুর রহমান মারা যান।

শিবগঞ্জ থানার ওসি হুমায়ুন কবির জানান, খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে। ঘটনার পর থেকেই ওই নারীর পরিবারের সদস্যরা পলাতক রয়েছেন। তাদের গ্রেফতারে রাত থেকেই অভিযান চালাচ্ছে পুলিশ। তিনি আরও বলেন, ঘটনাটি তদন্ত করে এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।