ঢাকা | মার্চ ১০, ২০২৬ - ৩:১৭ পূর্বাহ্ন

ঢাকা-রাজশাহী মহাসড়কে ৩ ট্রাক চালককে জরিমানা

  • আপডেট: Tuesday, March 10, 2026 - 12:05 am

স্টাফ রিপোর্টার: আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে ঘরমুখী মানুষের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে ঢাকা-রাজশাহী মহাসড়কে বেপরোয়া গতির ট্রাকের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এ সময় প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় তিনজন চালককে জরিমানা করা হয়েছে।

গতকাল সোমবার পুঠিয়া উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে এ অভিযান পরিচালনা করেন। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ঈদকে কেন্দ্র করে সড়কে যানবাহনের চাপ বৃদ্ধি পাওয়ায় দুর্ঘটনা প্রতিরোধ এবং ফিটনেসবিহীন যানবাহনের চলাচল বন্ধ করতে এ বিশেষ অভিযান চালানো হয়। বিশেষ করে মহাসড়কে বেপরোয়া গতিতে চলা ড্রাম ট্রাকগুলো সাধারণ যাত্রীদের জন্য বড় ধরনের আতঙ্কের কারণ হয়ে উঠেছে।

অভিযান চলাকালে ড্রাম ট্রাকগুলোর কাগজপত্র যাচাই-বাছাই করা হয়। এ সময় বেশ কয়েকটি ট্রাকে ড্রাইভিং লাইসেন্স, ফিটনেস সনদ, ট্যাক্স টোকেন ও রুট পারমিট না থাকায় তিনজন চালককে আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সংশ্লিষ্ট আইনে তাদের মোট ৯ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

পুঠিয়া উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস বলেন, মহাসড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং সাধারণ মানুষের ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আইন অমান্যকারী কোনো যানবাহনকেই ছাড় দেয়া হবে না।